
মানিকগঞ্জ-২ আসনে নৌকার প্রার্থী মমতাজ বেগমের পথসভা উপলক্ষে ভোটারদের জন্য খিচুড়ি রান্না করায় এক কর্মীকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়াও ৮০০ প্যাকেট খিচুড়ি জব্দ করে পাঠানো হয়েছে শিশু পরিবারে।
বুধবার (২৭ ডিসেম্বর) রাতে মানিকগঞ্জের সিংগাইর পৌরসভার আঙ্গারিয়া এলাকায় নৌকার কর্মী বাবুল হোসেন ভুট্টুকে এ জরিমানা করা হয়।
নির্বাচন উপলক্ষে গঠিত ভ্রাম্যমাণ আদালতের বিচারক জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ এ জরিমানা ও খাবার জব্দ করেন।
এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক মামুনুর রশিদ জানান, নির্বাচনী আচরণবিধির ১০(চ) ধারা অনুযায়ী নির্বাচনী ক্যাম্পে কোমল পানীয় ও খাদ্যসামগ্রী পরিবেশন করা যাবে না। কিন্তু বাবুল এ আইনভঙ্গ করেছেন। যে কারণে তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আর খাবার প্যাকেটগুলো জব্দ করে মানিকগঞ্জ শিশু পরিবারে পাঠানো হয়েছে।
সুষ্ঠু নির্বাচনের স্বার্থে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় উপস্থিত ছিলেন সিংগাইর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল কাইয়ুম খান ও সিংগাইর থানা পুলিশ উপপরিদর্শক শরিফুল ইসলাম।




