ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

কুড়িগ্রাম-১: লড়াই হবে বিএনপি ও জাতীয় পার্টিতে

আব্দুল কুদ্দুস চঞ্চল

প্রকাশ : ০১ ডিসেম্বর ২০১৭, ০৪:৫১ পিএম

কুড়িগ্রাম-১ সংসদীয় আসনে জাতীয় পার্টি ও বিএনপির একক প্রার্থী মনোনয়ন তালিকায় থাকলেও আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের তালিকায় রয়েছেন ছয়জন প্রার্থী।

একক প্রার্থী হওয়ায় এরইমধ্যে জাতীয় পার্টি ও বিএনপির প্রার্থী চূড়ান্ত হয়েছে। নাগেশ্বরী-ভূরুঙ্গামারী উপজেলা নিয়ে গঠিত সংসদীয় এ আসনটি।

বর্তমানে আওয়ামী লীগের মাঠে ভোট বাড়লেও জোটবদ্ধ রাজনীতির কারণে এ আসনে দলটির প্রার্থী না থাকার সম্ভাবনাই বেশি। তারপরেও আসনটি নিজেদের দখলে নিতে মনোনয়ন দৌড়ে নেমেছেন আওয়ামী লীগ নেতারা। যোগ দিচ্ছেন স্থানীয় বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক অনুষ্ঠানে। বাড়িয়েছেন নিজেদের কর্মীসংযোগ ও ঢাকার সঙ্গে যোগাযোগ।

এরইমধ্যে যাদের নাম আলোচিত হচ্ছে তাদের মধ্যে রয়েছেন ব্লুমীং নীটওয়ার লিমিটেডের পরিচালক শিল্পপতি মাজহারুল ইসলাম মাজু। মনোনয়ন দৌড়ে এবারই প্রথম তিনি। অনেক আগে থেকে এ দৌড়ে আছেন দেশবন্ধু গ্রুপের চেয়ারম্যান ও কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি শিল্পপতি গোলাম মোস্তফা এবং সাবেক উপজেলা চেয়ারম্যান আছলাম হোসেন সওদাগর।

নবম ও দশম জাতীয় সংসদ নির্বাচনে পর্যায়ক্রমে তারা দলীয় মনোনয়ন পান। পরে মহাজোট এ আসনটি জাতীয় পার্টিকে ছেড়ে দিলে দলীয় হাই কমান্ডের সিদ্ধান্তে তারা তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।

ভূরুঙ্গামারী উপজেলা চেয়ারম্যান নুরন্নবী চৌধুরী খোকন আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে তার বাবা সাবেক সংসদ সদস্য শামছুল হক চৌধুরীর মতো জনগণের পাশে থাকতে চান।

সম্ভাব্য প্রার্থীর তালিকায় আছেন ষাটের দশকের ছাত্রনেতা বীর মুক্তিযোদ্ধা শিল্পপতি আখতারুজ্জামান মণ্ডল, মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় সংসদের সহ-সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ওসমান গণী। দলীয় মনোনয়নের আশায় তারা যোগ দিচ্ছেন বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক অনুষ্ঠানে। বিলবোর্ড ও পোস্টার লাগিয়েছেন দুই উপজেলার সর্বত্রই। মনোনয়ন প্রত্যাশীদের মতে এ আসনে নৌকা প্রতীকের পক্ষে ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া।

এ আসনের তিনবারের সাবেক সাংসদ আ.খ.ম শহিদুল ইসলাম বাচ্চুর পরে তার উত্তরসূরি হিসেবে পরপর চারবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে কুড়িগ্রাম-১ আসনকে নিজেদের দখলে রেখেছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এ.কে.এম মোস্তাফিজুর রহমান।

এবারো এ আসন ধরে রাখতে মরিয়া হয়ে প্রচারণা চালাচ্ছেন তিনি ও তার দলের নেতাকর্মীরা।

অন্যদিকে জাতীয় পার্টির দুর্গে হানা দিতে চায় বিএনপির একক প্রার্থী জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য সাইফুর রহমান রানা। তাকে বিজয়ী করতে ভোটের রণকৌশল নির্ধারণে শহর থেকে তৃণমূল পর্যায়ে ঘন ঘন বৈঠকে বসছেন দলীয় নেতাকর্মীরা।

স্বতন্ত্র প্রার্থী হিসেবে গতবারের মত এবারো এ আসনে প্রার্থিতা করবেন ভূরুঙ্গামারী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাই মাস্টার। তিনি গণসংযোগ অব্যাহত রেখেছেন।

জেবি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নিবন্ধন চায় ৭৬টি দল
নির্বাচন কমিশনে(ইসি) নিবন্ধনের জন্য ৭৬টি রাজনৈতিক দল নতুন করে আবেদন করেছে। এছাড়া আবেদন জমা দেয়ার সময় বাড়ানোর জন্য আবেদন করেছে ১৫টি দল। জানালেন ইসির ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ। রোববার সন্ধ্যায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। আজ ছিল আবেদন জমা দেয়ার শেষ দিন। হেলালুদ্দীন আহমদ জানান, আবেদনের সময় বাড়ানো হবে না। ইতোমধ্যে আবেদন যাচাই-বাছাইয়ের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। তারা যাচাই-বাছাই করে দেখবেন আবেদনকারী দলগুলো নিবন্ধন শর্ত পূরণ করেছে কিনা। প্রয়োজনে মাঠপর্যায়ে তদন্ত করা হবে। তিনি বলেন, যাচাই-বাছাইয়ে যাদের আবেদন গ্রহণযোগ্য হবে, তাদের নাম কমিশনে সুপারিশ করা হবে। কমিশন এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। যারা নিবন্ধিত হবেন তারা সামনের সব নির্বাচনে অংশ নিতে পারবেন। সচিব বলেন, নিবন্ধিত ৪০ দল শর্ত পূরণ করছে কিনা তারও খোঁজ-খবর নেয়া হবে। যারা শর্ত পূরণ করতে ব্যর্থ হবে তাদের নিবন্ধন বাতিল করা হবে। ইসি সূত্রে জানা গেছে নিবন্ধনের জন্য আবেদনকারী দলগুলো হলো- ঐক্য ন্যাপ, মাহমুদুর রহমান মান্নার নাগরিক ঐক্য, শরীফ নুরুল আম্বিয়ার নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল, জোনায়েদ সাকীর গণসংহতি আন্দোলন, নাকফুল বাংলাদেশ, বাংলাদেশ নিউ সংসদ লীগ, ঘুষ নির্মূল পার্টি, মঙ্গল পার্টি, বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ(বাকশাল), কর্মসংস্থান আন্দোলন, বাংলাদেশ সমাধান ঐক্য পার্টি(বসবাস), সোনার বাংলা উন্নয়ন লীগ, সত্যব্রত আন্দোলন, সততা দল, জাতীয় পরিবার কল্যাণ পার্টি, শান্তির দল, জনতার কথা বলে, মৌলিক বাংলা, জনস্বার্থে বাংলাদেশ, সুশীল সামাজিক আন্দোলন, আলোকিত পার্টি, জমিয়তে উলামায়ে ইসলাম ও নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ ইসলামিক গাজী, জালালী পার্টি, ইনসানিয়া বিপ্লব, ইউনাইটেড ইসলামী পার্টি, ইসলামিক পার্টি, ফরায়েজি আন্দোলন, বাংলাদেশ রামকৃষ্ণ পার্টি, বাংলাদেশ হিন্দুলীগ, মাইনরিটি জনতা পার্টি, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন, ন্যাশনাল আওয়ামী পার্টি, পিপলস ডেমোক্রেটিক পার্টি, জনতা পার্টি, রিপাবলিকান পার্টি, সমাজ উন্নয়ন পার্টি, জাতীয় লীগ, পরিবহন লেবার পার্টি, তৃণমূল ন্যাশনাল পার্টি, ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি, মানবাধিকার আন্দোলন, ন্যাশনাল কংগ্রেস বাংলাদেশ, গণতান্ত্রিক ন্যাশনাল আওয়ামী পার্টি, গণশক্তি দল, বেঙ্গল জাতীয় কংগ্রেস(বিজেসি), কৃষক শ্রমিক পার্টি, লিবারেল পার্টি, মুক্ত রাজনৈতিক আন্দোলন, জাতীয় দল, নতুন ধারা বাংলাদেশ, সাধারণ জনতা পার্টি, বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি(ডিপিএলডিপি), মুক্তিযোদ্ধা কমিউনিজম ডেমোক্রেটিক পার্টি, গণ আজাদী লীগ, লেবার পার্টি, বাংলাদেশ কৃষক শ্রমিক পার্টি, তৃণমূল লীগ, বাংলাদেশ ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি, ডেমোক্রেটিক মুভমেন্ট, ন্যাশনাল আওয়ামী পার্টি বাংলাদেশ, বাংলাদেশ কংগ্রেস, বাংলাদেশ আওয়ামী পার্টি(ভাসানী ন্যাপ)। কে/এসএস
নিবন্ধন চায় ৭৬টি দল
‘বিএনপি মিথ্যা কথা বলে আর উত্তর দিতে হয় আমাদের’
পদত্যাগ করা প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বিরুদ্ধে ১১টি অভিযোগ থাকায় অন্য বিচারপতিরা তার সঙ্গে বসতে চাননি বলে তিনি পদত্যাগ করেছেন। এটা নিয়ে কথা বলছে বিএনপি। তারা প্রমাণ করুক আমরা তাকে জোর করে পদত্যাগ করিয়েছি। বিএনপি মিথ্যা কথা বলে আর উত্তর দিতে হয় আমাদের। বললেন আইনমন্ত্রী আনিসুল হক।   রোববার ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলায় বিদ্যুতায়নের উদ্বোধন উপলক্ষে পৌর এলাকায় তালতলা গ্রামে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কসবা পৌরসভা ও চারটি ইউনিয়নে দুই কোটি ৪৮ লাখ টাকা ব্যয়ে ১২ কিলোমিটার এলাকায় ১৩টি গ্রামে এ বিদ্যুৎ সংযোগ চালু করা হয়। জনসভায় পদত্যাগ করা সাবেক প্রধান বিচার এস কে সিনহা প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, দুর্নীতির কারণে সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহা পদত্যাগ করেছেন। প্রধান বিচারপতির বিরুদ্ধে ১১টি অভিযোগ থাকায় অন্য বিচারপতিরা তার সঙ্গে বসতে চাননি। এসব কারণেই তিনি পদত্যাগ করেছেন। আইনমন্ত্রী আরো বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন মর্যাদার আসনে বসেছে। মার্কিন প্রেসিডেন্ট যখন জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণা দেন, তখন এর প্রতিবাদ করতে পারেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন উন্নয়নের রেলে উঠে গেছে। তিনি বলেন, আগামী বছরের ডিসেম্বরে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। কেউ নির্বাচন ব্যাহত করার চেষ্টা করলে শুধু ভোট নয়, আইনের মাধ্যমেও জবাব দেয়া হবে। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আগামী দিনে আমরা আবার ক্ষমতায় আসব। কসবার পৌরসভা মেয়র এমরান উদ্দিন জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন কসবা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক এম. জি হাক্কানি, যুগ্ম আহ্বায়ক কাজী আজহারুল ইসলাম, রুহল আমিন ভূইয়া, মন্ত্রীর ব্যক্তিগত সহকারী অ্যাডভোকেট রাশেদুল কায়সার জীবন। এসএস 
‘বিএনপি মিথ্যা কথা বলে আর উত্তর দিতে হয় আমাদের’
সরকার বাধ্য হবে নিরপেক্ষ নির্বাচন দিতে: মওদুদ
নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে, তেমনি আন্দোলনও চালিয়ে যেতে হবে। আন্দোলনের মুখে সরকার বাধ্য হবে নিরপেক্ষ নির্বাচন দিতে। বাংলাদেশে আর কোনো দিন ২০১৪ সালের মতো নির্বাচন করতে দেয়া হবে না। রোববার বিকেল তিনটায় নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের নিজ বাসভবনে কবিরহাট উপজেলা ও পৌরসভার বিএনপির তৃণমূল নেতাকর্মীদের এক কর্মীসভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক আইনমন্ত্রী মওদুদ আহমদ এসব কথা বলেন। এসময় আরো উপস্থিত ছিলেন কবিরহাট উপজেলা বিএনপির সভাপতি চেয়ারম্যান আবদুর রহিম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কামরুল হুদা চৌধুরী লিটন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু বাহার, কবিরহাট পৌর বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান মঞ্জু, বিএনপির নেতা মো. শাহাব উদ্দিন, চেয়ারম্যান জিয়াউল হক জিয়া, জাকির হোসেন সেলিম, আলতাফ হোসেন দুলাল। কে/এসএস
সরকার বাধ্য হবে নিরপেক্ষ নির্বাচন দিতে: মওদুদ
তিন দিনের রিমান্ডে বিএনপি নেতা সাদাত
চার মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ থাকা ব্যবসায়ী ও বিএনপি নেতা সৈয়দ সাদাত আহমেদকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার তাকে নাশকতার মামলায় আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের এসআই সাইফুল ইসলাম। এসময় তার আইনজীবী জামিন আবেদন করেন। ঢাকা মহানগর হাকিম প্রণব কুমার হুই জামিন আবেদন নামঞ্জুর করে তিন দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন। ২০১৫ সালের ৮ জানুয়ারি রমনা থানায় দায়ের করা নাশকতার এক মামলায় সাদাত আহমেদকে গ্রেপ্তার দেখানো হয়। ডিবি দক্ষিণের উপ-কমিশনার শহিদুল্লাহ হক জানিয়েছেন, গেলো শনিবার রাত ১০টার দিকে রামপুরা ব্রিজ এলাকায় তার সন্ধান পায় ডিবি পুলিশ। তার সঙ্গে ব্যাগ, ল্যাপটপ, চার্জার ও কিছু কাগজপত্র ছিল। এর আগে চলতি বছরের ২২ আগস্ট বিকেলে বনানী ওভারপাসের নিচে নিজ গাড়ি থেকে নামিয়ে সাদাতকে একটি মাইক্রোবাসে তুলে নেয় অপহরণকারীরা। গাড়িতে থাকা সাদাতের ছেলেকে অপহরণকারীরা জানায়, সাদাত ১৫ মিনিট পর ফিরে আসবেন। পরে তাকে না পেয়ে ক্যান্টনমেন্ট থানায় একটি অপহরণ মামলা করেন তার স্ত্রী। সাদাত এবিএন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য। কে/এসএস
তিন দিনের রিমান্ডে বিএনপি নেতা সাদাত
দেশবাসীকে খালেদার শুভেচ্ছা
ইংরেজি নববর্ষ উপলক্ষে দেশ ও বিশ্ববাসীকে শুভেচ্ছা জানিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, খৃস্টীয় নববর্ষ উপলক্ষে আমি দেশবাসী এবং বিশ্ববাসী সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। কামনা করি সকলের অব্যাহত সুখ, স্বাচ্ছন্দ, শান্তি ও সমৃদ্ধি। শুভ নববর্ষ। খৃস্টীয় নববর্ষ উপলক্ষে রোববার গণমাধ্যমে প্রেরিত এক বাণীতে তিনি এসব কথা বলেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেন, নতুন বছরটি সবার জীবনে বয়ে আনুক বিজয়, অনাবিল সুখ ও শান্তি, বাংলাদেশসহ সারা বিশ্বে প্রবাহিত হোক শান্তির অমিয় ধারা, দূর হয়ে যাক সব অন্যায়-উৎপীড়ন, নির্যাতন। বন্ধ হোক হত্যা, গুম, খুন, যুদ্ধ বিগ্রহ ও অমানবিকতাসহ সব ধরনের দমনমূলক নৃশংসতা-নববর্ষের শুরুতে আমি এ কামনা করছি। তিনি বলেন, বাংলাদেশে অজস্র রক্তঋণে অর্জিত গণতন্ত্র অপহৃত হয়েছে। গণবিরোধী শক্তি জনগণের সকল অধিকারকে বন্দী করে রেখেছে। এমতাবস্থায় সকল গণতান্ত্রিক শক্তির মিলিত সংগ্রামে বহুদলীয় গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে হবে। বিএনপি চেয়ারপারসন বলেন, ১ জানুয়ারি প্রতিবছর নতুন বার্তা নিয়ে আমাদের দ্বারে উপস্থিত হয়। পুরনো বছরের ব্যর্থতা, গ্লানি, হতাশাকে ঝেড়ে ফেলে নবউদ্যমে এগিয়ে যাওয়ার প্রেরণা যোগায় নববর্ষ। পাশাপাশি অতীতের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সুন্দর ভবিষ্যত বিনির্মাণে তৎপর হতে পারলে নতুন বছরটি হয়ে উঠতে পারে সাফল্যময়। তিনি বলেন, গেল বছরটি এখন আমাদের মনে স্মৃতি হয়ে থাকবে। গত বছরের বেশকিছু তিক্ত অভিজ্ঞতা, সজন হারানোর বেদনা এবং অধিকার হারানোর যন্ত্রণা আগামী বছরে আমাদের একদিকে যমন বেদনার্ত করবে আবার অন্যদিকে নুতন উদ্যোমে অধিকার ফিরে পেতে তাগিদ সৃষ্টি করবে। খালেদা জিয়া বলেন, বাংলাদেশসহ বিশ্বময় সংঘাত আর অশান্তির ঘটনা প্রবাহে নতুন বছরটিকে গণতন্ত্র, শান্তি ও অগ্রগতির বছরে পরিণত করতে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে। এসজে
দেশবাসীকে খালেদার শুভেচ্ছা
আরও পড়ুন
নির্বাচন নিয়ে কী ভাবছে রংপুরের সুশীল সমাজ?
পাড়া-মহল্লায় অতিথি পাখির ভিড়
সংসদে প্রশ্নফাঁস নিয়ে উত্তেজনা
রসিক নির্বাচনে জাতীয় নির্বাচনের আলামত পাওয়া যাবে : এরশাদ