জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠান শুক্রবার (১৭ এপ্রিল) থেকে শুরু হবে বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী জানান, সংরক্ষিত মহিলা আসনে যারা প্রার্থী হতে চান, তাদের অনেকেই আবেদনপত্র জমা দিয়েছেন। এই প্রেক্ষিতে দলের মনোনয়ন বোর্ড আগামীকাল শুক্রবার ও আগামী পরশু শনিবার (১৮ এপ্রিল) বিকেল ৩টা থেকে গুলশান কার্যালয়ে সাক্ষাৎকার গ্রহণ করবে।
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান মনোনয়ন বোর্ডে সভাপতিত্ব করবেন। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত থাকবেন।
শুক্রবার রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও ফরিদপুর বিভাগ এবং শনিবার চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের সংরক্ষিত নারী আসনের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ করা হবে।
আরটিভি/এমআই




