
জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ঢাকায় বড় শোডাউন ও বর্ণাঢ্য মিছিল করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা ১১টায় রাজধানীর শেরে বাংলা নগরে মিছিল নিয়ে হাজার হাজার নেতাকর্মী মিছিল নিয়ে একত্র হন। দলের ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এই কর্মসূচির নেতৃত্ব দেন।
এ সময় বাঙলা কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ও সদস্যসচিব, ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আইয়ুব হোসেন সহস্রাধিক নেতাকর্মীর মিছিল নিয়ে মহাসচিবের সঙ্গে যোগ দেন এবং বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে যান।
নেতাকর্মীরা ‘তারেক রহমানের জন্য বাংলাদেশ ধন্য’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘আজকের এই দিনে জিয়া তোমায় মনে পড়ে’ এবং ‘জিয়ার সৈনিক এক হও, লড়াই করো’ ইত্যাদি নানা স্লোগান দেন। নেতাকর্মীদের হাতে শত শত জাতীয় ও দলীয় পতাকা দেখা যায়।
ঢাকা মহানগর যুবদলের কমিটিতে শীর্ষ পদপ্রত্যাশী যুবনেতা মোহাম্মদ আইয়ুব বলেন, যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী শুধু উদ্যাপনের উপলক্ষ নয়, বরং সংগঠনের অতীতের অভিজ্ঞতা পর্যালোচনা করে ভবিষ্যতের দায়িত্ব নির্ধারণের দিন। আজ ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে শৃঙ্খলা, সততা ও জনসম্পৃক্ততাকে প্রাধান্য দিয়ে মানুষের আস্থা অর্জনে নিজেদের নিয়োজিত করার শপথের দিন; যে শপথ ১৯৭৮ সালের ২৭ অক্টোবর বিএনপির প্রতিষ্ঠাতা ও তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান যুবদলকে করিয়েছিলেন।
তিনি বলেন, দেশের তরুণদের কর্মসংস্থান, দক্ষতা উন্নয়ন, গণতান্ত্রিক মূল্যবোধ ও সামাজিক দায়িত্ববোধ জোরদারে যুবদল বরাবরই কার্যকর ভূমিকা রেখে এসেছে, ভবিষ্যতেও তার ধারাবাহিকতা অব্যাহত রাখবে। আমরা এমন একটি যুবসমাজ গড়ে তুলতে চাই, যারা দেশের উন্নয়ন, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় এবং দেশ গঠনে প্রিয় নেতা প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে দায়িত্বশীল ভূমিকা রাখবে।
এদিকে, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কর্মসূচির নেতৃত্ব দিয়ে সংগঠনের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নকে সঙ্গে নিয়ে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। পাশাপাশি ফাতেহা পাঠ ও মোনাজাত করেন।

পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, দীর্ঘদিনের সংগ্রাম ও আন্দোলনের মধ্য দিয়ে জাতীয়তাবাদী যুবদল বিএনপির ‘ইস্পাত কঠিন অগ্রবাহিনী’ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে।
ফ্যাসিস্ট সরকারের আমলের নির্যাতনের কথা স্মরণ করে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, সংগ্রাম, সাহস, ঐক্য এবং বীরত্বের প্রতীক এই যুবদলকে রাজপথে বহুবার দমনপীড়নের শিকার হতে হয়েছে। মাসের পর মাস কারাগারে আটকে রাখা হয়েছে, অনেকের বিরুদ্ধে যাবজ্জীবন জেলের সিদ্ধান্ত দেওয়া হয়েছে শুধু রাজনৈতিক কারণে। তবুও তারা গণতান্ত্রিক সংগ্রাম ও তাদের কর্তব্য থেকে একচুলও পিছপা হননি।
এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, যুবদলের সহ- সভাপতি নুরুল ইসলাম সোহেল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন তারেক, যুবদলের সহ-সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, যোগাযোগ বিষয়ক সম্পাদক সাজিদ হাসান বাবু, মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম, সদস্য সচিব রবিউল ইসলাম নয়নসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের হাজারও নেতাকর্মী উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ২৭ অক্টোবর। ১৯৭৮ সালের এই দিনে বিএনপির প্রতিষ্ঠাতা তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান দলের প্রধান এই অঙ্গ সংগঠনটি প্রতিষ্ঠা করেন। বাংলাদেশি জাতীয়তাবাদ, জনগণের গণতন্ত্র, সামাজিক ন্যায়বিচার ও অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে উৎপাদনমুখী রাজনীতির মাধ্যমে যুব শক্তিকে কর্মশক্তিতে রূপান্তরিত করার লক্ষ্য নিয়ে যুবদল প্রতিষ্ঠা করা হয়।
আরটিভি/এসএস




