ঢাকা বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

পুরো ডিসেম্বর ঘিরে কর্মসূচি দিলো বিএনপি

আরটিভি নিউজ

প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৬, ০৩:২৮ পিএম
সংবাদ সম্মেলনে কথা বলছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী : ছবি সংগৃহীত

বিজয়ের মাস উপলক্ষ্যে মাসব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে বিএনপি। ১ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশের এই কর্মসূচি শুরু করার পরিকল্পনা রয়েছে দলটির, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। তবে সমাবেশটি কোথায় ও কখন অনুষ্ঠিত হবে, সে বিষয়ে বিস্তারিত এখনো জানায়নি বিএনপি।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দল ও অঙ্গসংগঠনের যৌথ সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

সংবাদ সম্মেলনে রিজভী অভিযোগ করেন, পার্শ্ববর্তী দেশ থেকে শেখ হাসিনার নির্দেশে দেশে আবারও রক্তাক্ত পরিস্থিতি ও নাশকতা সৃষ্টির চেষ্টা চলছে। কৃত্রিম সংকট তৈরি করে দেশের চলমান গণতান্ত্রিক স্থিতিশীলতা নস্যাৎ করার ষড়যন্ত্র করা হচ্ছে।

তিনি বলেন, বিদেশে বসেও শেখ হাসিনা প্রতিশোধ ও রক্তের নেশা থেকে বেরিয়ে আসতে পারেননি। তার নির্দেশে ফ্যাসিবাদের অবশিষ্টাংশরা দেশে একের পর এক সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। বাড়িঘর, দোকানপাট, ব্যাংক-বীমা ও হাসপাতালে হামলা এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটাচ্ছে তারা। এরই মধ্যে বিএনপির তিনজন গুরুত্বপূর্ণ নেতাকে হত্যা করা হয়েছে। তাদের মধ্যে কৃষক দলের দুজন এবং ভাঙ্গার একজন নেতা রয়েছেন।

বর্তমান সরকারের ভূমিকার কথা তুলে ধরে রিজভী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ১৭ বছরের গুম-খুনের সংস্কৃতি থেকে বেরিয়ে দেশ গণতান্ত্রিক কাঠামো ও স্থিতিশীলতার পথে এগিয়ে যাচ্ছে। এত সহিংসতা ও উসকানির পরও সরকার, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অতিরিক্ত বলপ্রয়োগ বা নির্মমতার পথ বেছে নেয়নি। বরং ধৈর্য ও সহনশীলতার সঙ্গে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার চেষ্টা করছে। সরকারের এ ভূমিকা দেশে-বিদেশে প্রশংসিত হচ্ছে বলেও দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব আরও বলেন, সম্প্রতি যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগের একটি অনুষ্ঠানে অংশ নিয়েও সাবেক মার্কিন রাষ্ট্রদূত হ্যারি কে টমাস জুলাই আন্দোলনের প্রশংসা করেছেন। একইসঙ্গে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গঠিত বর্তমান সরকারের কথাও বলেছেন। এতে আন্তর্জাতিক অঙ্গনে আওয়ামী লীগের অবস্থান আরও প্রশ্নবিদ্ধ হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

ভারতের এক মন্ত্রীর ‘১৬ ডিসেম্বর ঢাকা দখল’ সংক্রান্ত কথিত মন্তব্যেরও তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান রিজভী। তিনি বলেন, লক্ষ প্রাণের আত্মদান ও দুই লাখ মা-বোনের ত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের এক ইঞ্চি মাটিতেও বাইরের কারও হস্তক্ষেপ বরদাশত করা হবে না।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, স্থায়ী কমিটির সদস্য ও শ্রমিক দলের আহ্বায়ক আমানউল্লাহ আমান, পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী এমপি, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন এমপি, আব্দুস সালাম আজাদ এমপি, স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, যুবদলের সভাপতি মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন এমপি।

এ ছাড়া ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, সদস্য সচিব তানভীর আহমেদ রবিন, ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক শফিকুল ইসলাম মিল্টন, সদস্য সচিব এসএম জাহাঙ্গীর এমপি, জাসাসের আহ্বায়ক চিত্রনায়ক হেলাল খান, সদস্য সচিব জাকির হোসেন রোকন, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিসসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
১৬ ডিসেম্বর ভারতের মন্ত্রীর বাংলাদেশ ‘দখলের’ হুমকিতে রিজভীর প্রতিক্রিয়া
আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশ ‘দখল’ করবেন বলে হুমকি দিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পরিবহনমন্ত্রী অর্জুন সিং।
১৬ ডিসেম্বর ভারতের মন্ত্রীর বাংলাদেশ ‘দখলের’ হুমকিতে রিজভীর প্রতিক্রিয়া
স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত বাংলাদেশের মানুষ: রিজভী
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।
স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত বাংলাদেশের মানুষ: রিজভী
শ্রমিকদের নতুন মজুরি ভারত-পাকিস্তানের তুলনায় বেশি: রিজভী
দেশে শ্রমিকদের জন্য নতুন করে নির্ধারিত ন্যূনতম মজুরি ভারত ও পাকিস্তানসহ উপমহাদেশের অন্যান্য দেশের তুলনায় বেশি বলে দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
শ্রমিকদের নতুন মজুরি ভারত-পাকিস্তানের তুলনায় বেশি: রিজভী
৫০ বছর আগের যুদ্ধাপরাধের দায়ে যদি ফাঁসি হয়, শেখ হাসিনারও ফাঁসি হবে: দুলু
বুধবার (২৫ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে শেখ হাসিনাকে ভারত থেকে ফেরত এনে প্রকাশ্যে ফাঁসির রায় কার্যকরের দাবি জানাতে গিয়ে এমন মন্তব্য করেন তিনি।
৫০ বছর আগের যুদ্ধাপরাধের দায়ে যদি ফাঁসি হয়, শেখ হাসিনারও ফাঁসি হবে: দুলু
সারাদেশে দুই দিনের কর্মসূচি ঘোষণা যুবদলের
সারাদেশে আগামী রোববার ও সোমবার মিছিল-সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে জাতীয়তাবাদী যুবদল। বুধবার (২৫ নভেম্বর) যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে উল্লেখ করা হয়েছে, ‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের বিরুদ্ধে’ এই কর্মসূচি ঘোষণা করেছে যুবদল। বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২৯ নভেম্বর ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ যুবদল রাজধানীতে পৃথকভাবে এবং দেশব্যাপী জেলা ও মহানগর যুবদল নিজ নিজ ইউনিটে সমাবেশ ও মিছিল করবে। এছাড়া, সোমবার উপজেলা, থানা ও পৌর যুবদল নিজ নিজ ইউনিটে সমাবেশ ও মিছিল করবে। আরটিভি/এসআর
সারাদেশে দুই দিনের কর্মসূচি ঘোষণা যুবদলের
আরও পড়ুন
ডিসেম্বর ঘিরে সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী, নজরদারিতে সন্দেহভাজন পুলিশ সদস্যরা
১৬ ডিসেম্বর ভারতের মন্ত্রীর বাংলাদেশ ‘দখলের’ হুমকিতে রিজভীর প্রতিক্রিয়া
স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত বাংলাদেশের মানুষ: রিজভী
ঢাকায় আজ যেসব কর্মসূচি রয়েছে