ঢাকা বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

কাবা শরিফের দরজার পাশে থাকা আট পাথরের পেছনে ৮০০ বছরের ইতিহাস

আরটিভি নিউজ

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৬, ০৯:০১ এএম
ছবি: সংগৃহীত

পবিত্র কাবা শরিফের দরজার ঠিক ডান পাশে সাদা মার্বেলের ভিত্তির ওপর সারিবদ্ধভাবে বসানো রয়েছে আটটি হলুদাভ বাদামি রঙের পাথর। তাওয়াফ করতে গিয়ে অনেকের চোখে পড়লেও এসব পাথরের পেছনে থাকা দীর্ঘ ইতিহাস সম্পর্কে জানেন না বেশির ভাগ মানুষ।

আট শতাধিক বছরের পুরোনো এসব পাথরের সঙ্গে জড়িয়ে আছে ইসলামের প্রাথমিক যুগের নামাজের ইতিহাস, ঐতিহাসিক একটি স্থান এবং চুরি হয়ে যাওয়ার রোমাঞ্চকর ঘটনা।

আরবিতে এসব পাথরকে বলা হয় ‘মারমার’। এগুলো অ্যালাবাস্টার বা বিশেষ ধরনের মার্বেল পাথর হিসেবে পরিচিত। পাথরগুলোর মধ্যে সবচেয়ে বড়টির দৈর্ঘ্য প্রায় ৩৩ সেন্টিমিটার এবং প্রস্থ ২১ সেন্টিমিটার। সৌদি আরবের হারামাইনবিষয়ক সাধারণ কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, পাথরগুলোর বয়স ৮০০ বছরের বেশি।

জিবরাইল (আ.)-এর ইমামতির স্মৃতিবিজড়িত স্থান

পাথরগুলোর ইতিহাস জানতে হলে ফিরে যেতে হবে কাবা শরিফের দরজার পাশের একটি প্রাচীন খাঁজের কাছে। একসময় কাবার দেয়াল ঘেঁষে তাওয়াফের মেঝের চেয়ে নিচু একটি খাঁজ ছিল। এর নাম ছিল ‘আল-মাজান’। আরবি শব্দটির অর্থ খামির বা কাদা মাখার স্থান।

মক্কার ইতিহাস গবেষক মানসুর আদ-দাআজানির মতে, খাঁজটি প্রায় দুই মিটার লম্বা, ১১২ সেন্টিমিটার চওড়া এবং ২৮ সেন্টিমিটার গভীর ছিল। সেখানে একসঙ্গে একজনের বেশি মানুষের দাঁড়ানোর সুযোগ ছিল না।

ওসমানিয়া ইতিহাসবিদ আইয়ুব সাবরি পাশা তার ‘মিরআতুল হারামাইন’ গ্রন্থে উল্লেখ করেছেন, প্রচলিত ধারণা অনুযায়ী, হজরত ইবরাহিম (আ.) কাবা শরিফ নির্মাণের সময় পাথর সাজানোর জন্য সেখানে কাদা মেখেছিলেন। তবে ইসলামপূর্ব কোনো বিবরণে এই খাঁজের উল্লেখ পাওয়া যায় না।

স্থানটি বিশেষভাবে পরিচিতি পায় ফেরেশতা জিবরাইল (আ.)-এর নামাজের সময় নির্ধারণ করে দেওয়ার ঘটনার সঙ্গে।

হাদিসে বর্ণিত হয়েছে, জিবরাইল (আ.) কাবার কাছে দুই দিন মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নামাজে ইমামতি করেন। প্রথম দিন প্রতিটি নামাজ ওয়াক্তের শুরুতে এবং দ্বিতীয় দিন ওয়াক্তের শেষের দিকে আদায় করেন। এরপর তিনি বলেন, ‘এই দুই সময়ের মাঝখানেই নামাজের ওয়াক্ত। এটাই আপনার আগের নবীদেরও সময়।’ (সুনানে আবু দাউদ, হাদিস: ৩৯৩)।

হাদিসে স্থানটির নাম সরাসরি উল্লেখ না থাকলেও পরবর্তী সময়ের ঐতিহাসিকেরা কাবার পাশের ওই খাঁজকেই ঘটনার স্থান হিসেবে চিহ্নিত করেছেন। সপ্তম হিজরি শতকের আলেম ও বিচারক ইজ্জ ইবনে আবদুস সালামের বক্তব্যেও ‘মাজান’ নামের ওই স্থানের উল্লেখ পাওয়া যায়।

খলিফার উপহার হিসেবে স্থাপন

ঐতিহাসিকদের বর্ণনা অনুযায়ী, ৬৩১ হিজরি বা ১২৩৩-৩৪ খ্রিষ্টাব্দে মাতাফ বা তাওয়াফের চত্বর সংস্কারের সময় আটটি পাথর কাবা শরিফে উপহার দেওয়া হয়। আব্বাসি খলিফা আল-মুস্তানসির বিল্লাহ এগুলো উপহার দিয়েছিলেন বলে গবেষকদের বর্ণনায় উঠে এসেছে।

খলিফার নাম নিয়ে কিছুটা বিভ্রান্তি রয়েছে। তার নাম আবু জাফর আল-মানসুর হিসেবে উল্লেখ করা হলেও তিনি আব্বাসি সাম্রাজ্যের দ্বিতীয় খলিফা আবু জাফর আল-মানসুর নন। তিনি ছিলেন খলিফা আল-মুস্তানসির বিল্লাহ, যিনি ৬২৩ থেকে ৬৪০ হিজরি পর্যন্ত শাসন করেন। তার উপনাম ছিল আবু জাফর এবং উপাধি আল-মানসুর।

পাথরগুলোর নিচে থাকা একটি নীল পাথরে খোদাই করা সাল থেকে এগুলো স্থাপনের সময়কাল সম্পর্কে ধারণা পাওয়া যায়।

চুরি হওয়ার পর ১৬৪ বছর নিখোঁজ

পাথরগুলোর ইতিহাসে সবচেয়ে বিস্ময়কর ঘটনা ঘটে ১২১৩ হিজরি বা ১৭৯৮-৯৯ খ্রিষ্টাব্দে। সে সময় পাথরগুলো চুরি হয়ে যায়। ইতিহাসবিদ আইয়ুব সাবরি পাশা তার ‘মিরআতুল হারামাইন’ গ্রন্থে এ ঘটনার উল্লেখ করেছেন।

তবে কারা পাথরগুলো চুরি করেছিল কিংবা কীভাবে মসজিদুল হারাম থেকে সেগুলো সরিয়ে নেওয়া হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায় না।

দীর্ঘ ১৬৪ বছর পাথরগুলো নিখোঁজ ছিল। পরে এক ব্যক্তির মৃত্যুর পর তার রেখে যাওয়া জিনিসপত্রের মধ্যে এগুলো পাওয়া যায়। দীর্ঘ আইনি ও ঐতিহাসিক প্রক্রিয়া শেষে ১৩৭৭ হিজরি বা ১৯৫৭-৫৮ খ্রিষ্টাব্দে দুর্লভ পাথরগুলো আবারও কাবা শরিফে ফিরিয়ে আনা হয়।

খাঁজ ভরাট করে পাথর স্থানান্তর

১৯৫৭-৫৮ খ্রিষ্টাব্দে সৌদি আরবের আমলে মসজিদুল হারামের প্রথম সম্প্রসারণকাজ শুরু হলে পুরোনো খাঁজটি নিয়ে নতুন করে সমস্যা দেখা দেয়। খাঁজের ছোট জায়গায় নামাজ পড়ার জন্য মুসল্লিদের ভিড় হতো। এতে তাওয়াফকারীদের চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি দুর্ঘটনার আশঙ্কাও তৈরি হতো।

বিশেষ করে হজের মৌসুমে ভিড়ের মধ্যে কেউ কেউ ওই খাঁজে পড়ে যেতেন। এ পরিস্থিতিতে খাঁজটি ভরাট করে দেওয়া হয়। পরে আটটি প্রাচীন পাথর তুলে কাবার দেয়ালের নিচের সাদা মার্বেলের ভিত্তি ‘শাজারাওয়ান’-এর ওপর বসানো হয়। ভরাট করা খাঁজের অবস্থান চিহ্নিত করতেই পাথরগুলো সেখানে স্থাপন করা হয়।

এরপরও পাথরগুলোর ঐতিহাসিক অবস্থান সংরক্ষণ করা হয়েছে। ১৪১৭ হিজরি বা ১৯৯৬-৯৭ খ্রিষ্টাব্দে কাবা শরিফের সংস্কারের সময় শাজারাওয়ানের পুরোনো মার্বেল পরিবর্তন করে নতুন মার্বেল বসানো হয়। সে সময়ও প্রাচীন পাথরগুলো সংরক্ষণ করে আগের অবস্থানের কাছাকাছি যথাস্থানে পুনরায় স্থাপন করা হয়।

ইতিহাসের নীরব সাক্ষী

বর্তমানে কাবা শরিফের দরজার ডান পাশে সারিবদ্ধভাবে থাকা আটটি পাথর কেবল প্রাচীন স্থাপত্যের নিদর্শন নয়। এগুলোর সঙ্গে জড়িয়ে আছে কাবা নির্মাণের ঐতিহ্য, মহানবী (সা.)-এর নামাজের সময় নির্ধারণসংক্রান্ত হাদিস এবং মসজিদুল হারামের শতাব্দীপ্রাচীন ইতিহাস।

তাওয়াফের সময় অসংখ্য মানুষের পদচারণার মধ্যে নীরবে পড়ে থাকা এই পাথরগুলো যেন মুসলিম উম্মাহর কাছে অতীতের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের স্মারক।

এক নজরে আট পাথরের ইতিহাস:

৬৩১ হিজরি (১২৩৩-৩৪ খ্রিষ্টাব্দ): মাতাফ সংস্কারের সময় পাথরগুলো উপহার হিসেবে দেওয়া ও স্থাপন।

১২১৩ হিজরি (১৭৯৮-৯৯ খ্রিষ্টাব্দ): পাথরগুলো চুরি হয়ে যায়।

১৩৭৭ হিজরি (১৯৫৭-৫৮ খ্রিষ্টাব্দ): ১৬৪ বছর পর পাথর উদ্ধার ও পুনঃস্থাপন; পুরোনো খাঁজ ভরাট করে শাজারাওয়ানে স্থানান্তর।

১৪১৭ হিজরি (১৯৯৬-৯৭ খ্রিষ্টাব্দ): কাবা শরিফের সংস্কারের সময় পাথরগুলো পুনরায় সংরক্ষণ ও স্থাপন।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আজকের নামাজের সময়সূচি
বৃহস্পতিবার (১২ নভেম্বর) ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি নিম্নরূপ-
আজকের নামাজের সময়সূচি
জমাদিউস সানির চাঁদ দেখা গেছে, পবিত্র রমজানের বাকি কত দিন?
দেশের আকাশে দেখা গেছে ১৪৪৬ হিজরি সনের পবিত্র জমাদিউস সানি মাসের চাঁদ। বুধবার (১১ নভেম্বর) থেকে এই মাসের গণনা আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে।
জমাদিউস সানির চাঁদ দেখা গেছে, পবিত্র রমজানের বাকি কত দিন?
বাহাই সম্প্রদায়ের প্রতিষ্ঠতা মহান ‘বাহাউল্লা’র জন্মবার্ষিকী পালিত
আন্তর্জাতিক বাহাই সম্প্রদায়ের প্রতিষ্ঠতা মহান বাহাউল্লার ২০৯ তম জন্মবার্ষিকী ঢাকার বাহাই সমাজের উৎসবমুখর পরিবেশে উদযাপন হয়েছে। 
বাহাই সম্প্রদায়ের প্রতিষ্ঠতা মহান ‘বাহাউল্লা’র জন্মবার্ষিকী পালিত
আজকের নামাজের সময়সূচি
বুধবার (১১ নভেম্বর) ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি নিম্নরূপ-
আজকের নামাজের সময়সূচি
জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আজ
১৪৪৮ হিজরি সনের পবিত্র জুমাদাল আখিরাহ মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা ও তারিখ নির্ধারণের লক্ষ্যে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা মঙ্গলবার (১০ নভেম্বর) অনুষ্ঠিত হবে।
জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আজ
আরও পড়ুন
রিয়াদে একাধিক বিস্ফোরণ
মদিনায় গুরুত্বপূর্ণ তেল পাইপলাইনে ভয়াবহ হামলা
হজ চুক্তি সই, বাংলাদেশের কোটা বাড়ল
সৌদি আরবের তাবলিগের শীর্ষ মুরব্বি শেখ গাসসানের ইন্তেকাল