
সৌদি আরবের রাজধানী রিয়াদে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এ ঘটনায় ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে ধ্বংস করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। মঙ্গলবার (১০ নভেম্বর) এ ঘটনা ঘটে।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, রিয়াদে অবস্থানরত তাদের সাংবাদিকেরা মঙ্গলবার একাধিক বিস্ফোরণের শব্দ শুনেছেন। এ সময় স্থানীয় বাসিন্দাদের মোবাইল ফোনে জরুরি সতর্কবার্তা পাঠানো হয়। সম্ভাব্য আকাশপথে হামলার বিষয়ে সতর্ক করে তাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।
সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বিবৃতিতে জানায়, ইরান-সমর্থিত হুতি মিলিশিয়াদের রিয়াদ লক্ষ্য করে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করে আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে ধ্বংস করা হয়েছে।
পরে সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানায়, তাৎক্ষণিক বিপদের আশঙ্কা কেটে গেছে। এর আগে দেশটির দক্ষিণাঞ্চল লক্ষ্য করে ছোড়া আরেকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও প্রতিহত করার দাবি করেছিল সামরিক জোট।
এর আগে রোববার রিয়াদের একটি বাণিজ্যিক এলাকায় হামলা চালানোর দাবি করে হুতিরা। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, ওই ঘটনায় সৌদি রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি আরামকোর একটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
তবে সৌদি কর্তৃপক্ষের দাবি, হামলার চেষ্টা প্রতিহত করার পর ক্ষেপণাস্ত্রের বিস্ফোরিত অংশের ধ্বংসাবশেষ ভবনটির ওপর পড়ায় সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে।
মঙ্গলবার সৌদি প্রেস এজেন্সির প্রকাশিত ছবিতে রিয়াদ অঞ্চলের উপগভর্নরসহ কয়েকজন কর্মকর্তাকে ক্ষতিগ্রস্ত ভবনটি পরিদর্শন করতে দেখা যায়। ভবনটির কয়েকটি তলায় ক্ষয়ক্ষতির চিহ্নও দৃশ্যমান।
এর আগেও সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি আরামকোর বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে একাধিকবার হামলা চালিয়েছে হুতিরা। এসব হামলার লক্ষ্যবস্তু ছিল তেলবাহী জাহাজ, শোধনাগার, তেল সংরক্ষণাগার ও কোম্পানিটির প্রধান কার্যালয়।
ইয়েমেনের গৃহযুদ্ধে হুতিদের বিরুদ্ধে ২০১৫ সালের মার্চে সামরিক অভিযান শুরু করে সৌদি নেতৃত্বাধীন জোট। এর কয়েক মাস আগে হুতি বিদ্রোহীরা দেশটির রাজধানী সানা দখল করে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে ক্ষমতাচ্যুত করেছিল।
এরপর থেকে ইয়েমেনের সংঘাত আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় উদ্বেগের কারণ হয়ে রয়েছে। সৌদি আরব ও হুতিদের মধ্যে পাল্টাপাল্টি হামলা এবং যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার ঘটনায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে।
আরটিভি/এসকে


