ঢাকা শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকা প্রকাশ, শীর্ষে পাঁচ নেতা

আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৬, ০২:০৮ পিএম
ছবি: সংগৃহীত

বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকা ‘দ্য মুসলিম ৫০০’-এর ২০২৭ সালের সংস্করণ প্রকাশিত হয়েছে। এবার প্রথমবারের মতো যৌথভাবে শীর্ষস্থান অধিকার করেছেন সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের পাঁচ নেতা। এ ছাড়া গাজার চিকিৎসক ডা. হুসাম আবু সাফিয়া ‘ম্যান অব দ্য ইয়ার’ এবং ইরানের শিক্ষার্থী ফাতেমেহ জাহরা শেখাবাদি ‘ওম্যান অব দ্য ইয়ার’ নির্বাচিত হয়েছেন।

শনিবার (১৪ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম ইসলামঅনওয়েবের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

জর্ডানের রাজধানী আম্মানভিত্তিক রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার (আরআইএসএসসি) প্রকাশিত ‘দ্য মুসলিম ৫০০: দ্য ওয়ার্ল্ডস ৫০০ মোস্ট ইনফ্লুয়েনশিয়াল মুসলিমস’-এর ১৮তম সংস্করণে এবার পাঁচজনকে যৌথভাবে প্রথম স্থানে রাখা হয়েছে।

তারা হলেন, সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আলে সৌদ ও যুবরাজ মোহাম্মদ বিন সালমান, পাকিস্তানের প্রধানমন্ত্রী মিয়ান মুহাম্মদ শাহবাজ শরিফ ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।

প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে আঞ্চলিক প্রতিরক্ষা সহযোগিতা এবং ক্রমবর্ধমান কৌশলগত সম্পর্কের বিষয়টি বিবেচনায় নিয়ে তাদের যৌথভাবে শীর্ষস্থান দেওয়া হয়েছে।

শীর্ষ দশে যারা

যৌথভাবে প্রথম স্থানে থাকা পাঁচ নেতার পর তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যিদ মোজতবা খামেনি। পঞ্চম স্থানে জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ এবং ষষ্ঠ স্থানে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলে সানি।

এ ছাড়া পাকিস্তানের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফতি মুহাম্মদ তাকি উসমানি সপ্তম এবং ইয়েমেনের প্রখ্যাত আলেম ও দারুল মুস্তফার প্রতিষ্ঠাতা হাবিব ওমর বিন হাফিজ অষ্টম স্থানে রয়েছেন।

তালিকায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ১৩তম, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তো ১৬তম, নাহদাতুল উলামার চেয়ারম্যান ইয়াহইয়া চোলিল স্তাকুফ ২১তম এবং ইন্দোনেশিয়ার আলেম হাবিব লুতফি বিন ইয়াহইয়া ৩১তম স্থান পেয়েছেন।

‘ম্যান অব দ্য ইয়ার’ গাজার চিকিৎসক

এবারের তালিকায় ‘ম্যান অব দ্য ইয়ার’ নির্বাচিত হয়েছেন ফিলিস্তিনের শিশু চিকিৎসক ও উত্তর গাজার কামাল আদওয়ান হাসপাতালের পরিচালক ডা. হুসাম আবু সাফিয়া। সামগ্রিক তালিকায় তার অবস্থান ৫০তম।

গাজায় যুদ্ধের ভয়াবহ পরিস্থিতির মধ্যেও চিকিৎসাসেবা অব্যাহত রাখা এবং রোগীদের পাশে থাকার স্বীকৃতি হিসেবে তাকে এ সম্মাননা দেওয়া হয়েছে। হাসপাতালটিতে বারবার হামলা, চিকিৎসাসামগ্রীর সংকট এবং নিজের সন্তানকে হারানোর মতো কঠিন পরিস্থিতির মধ্যেও তিনি দায়িত্ব পালন করেছেন।

২০২৪ সালের ২৭ ডিসেম্বর ইসরায়েলি বাহিনী কামাল আদওয়ান হাসপাতালে অভিযান চালিয়ে তাকে আটক করে। প্রতিবেদন অনুযায়ী, তালিকা প্রকাশের সময় পর্যন্ত তিনি ইসরায়েলের হেফাজতে রয়েছেন।

অন্যদিকে, ‘ওম্যান অব দ্য ইয়ার’ নির্বাচিত হয়েছেন ইরানের মিনাব শহরের শাজারেহ তাইয়্যেবেহ প্রাথমিক বিদ্যালয়ে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে সংঘটিত হামলা থেকে বেঁচে যাওয়া শিক্ষার্থী ফাতেমেহ জাহরা শেখাবাদি।

হামলায় নিহত সহপাঠী ও শিক্ষকদের স্মরণ এবং আন্তর্জাতিক অঙ্গনে ঘটনার বিষয়ে কথা বলার স্বীকৃতিস্বরূপ তাকে এ সম্মাননা দেওয়া হয়েছে। এ বিষয়ে তিনি জেনেভায় জাতিসংঘের মানবাধিকার পরিষদেও বক্তব্য দিয়েছেন।

তালিকায় ভারতের একাধিক মুসলিম ব্যক্তিত্ব

২০২৭ সালের তালিকায় ভারতের বেশ কয়েকজন প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বও স্থান পেয়েছেন। তাদের মধ্যে রয়েছেন দারুল হুদা ইসলামিক ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা উপাচার্য ড. বাহাউদ্দিন মুহাম্মদ জামালুদ্দিন নদভী।

ইসলামী শিক্ষা, গবেষণা, লেখালেখি এবং কোরআনের মালয়ালম অনুবাদ ও তাফসিরে অবদানের স্বীকৃতি হিসেবে তাকে স্কলারলি বিভাগে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এ ছাড়া তালিকায় রয়েছেন শেখ আবুবকর আহমদ, সৈয়দ ইব্রাহিমুল খলিল আল-বুখারি, জমিয়ত নেতা মাওলানা সাইয়েদ মাহমুদ মাদানি, মাওলানা সাইয়েদ আরশাদ মাদানি, মাওলানা সাদ কান্ধলভি, দারুল উলুম দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসিম নোমানি এবং ডা. জাকির নায়েক।

যেভাবে তৈরি হয় ‘দ্য মুসলিম ৫০০’

‘দ্য মুসলিম ৫০০’ তালিকায় প্রভাবশালী বলতে এমন ব্যক্তিদের বোঝানো হয়েছে, যারা ধর্মীয় জ্ঞানচর্চা, রাজনৈতিক নেতৃত্ব, সামাজিক কর্মকাণ্ড, সংস্কৃতি কিংবা অর্থনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে মুসলিম বিশ্বে উল্লেখযোগ্য পরিবর্তন আনতে সক্ষম।

তালিকা তৈরিতে বিশেষজ্ঞদের মূল্যায়ন, জনসাধারণের মনোনয়ন এবং বিভিন্ন সামাজিক সূচক বিবেচনা করা হয়। এক বছরের অর্জনের চেয়ে ব্যক্তির সামগ্রিক জীবনের অবদানকে বেশি গুরুত্ব দেওয়া হয়। তবে তালিকায় কারও অন্তর্ভুক্তি তাঁর মতাদর্শ বা কর্মকাণ্ডের প্রতি প্রকাশকদের সমর্থন কিংবা অনুমোদন নির্দেশ করে না।

প্রকাশনাটিতে বিশ্বের মুসলিম জনসংখ্যা আনুমানিক ২২০ কোটি উল্লেখ করা হয়েছে। এতে প্রথম ৫০ জনকে ক্রমানুসারে স্থান দেওয়া হয়েছে। বাকি ৪৫০ জনকে ইসলামী জ্ঞানচর্চা, রাজনীতি, ধর্মীয় প্রশাসন, দাওয়াত ও আধ্যাত্মিক দিকনির্দেশনা, দাতব্য কার্যক্রম, সামাজিক বিষয়, ব্যবসা, বিজ্ঞান ও প্রযুক্তি, শিল্প-সংস্কৃতি, কোরআন তিলাওয়াত, গণমাধ্যম, প্রভাবশালী ব্যক্তিত্ব ও খেলাধুলাসহ ১৩টি বিভাগে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এ ছাড়া এবারের সংস্করণে মুসলিম বিশ্বের গত এক বছরের গুরুত্বপূর্ণ ঘটনাবলি, গাজা ও পশ্চিম তীর পরিস্থিতি, বিভিন্ন দেশের মূল্যায়ন এবং সমসাময়িক মুসলিম সমাজের চ্যালেঞ্জ নিয়ে বিশেষজ্ঞদের নিবন্ধ প্রকাশ করা হয়েছে।

তালিকার পূর্ণাঙ্গ সংস্করণ প্রকাশনাটির নিজস্ব ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আজকের নামাজের সময়সূচি
শনিবার (১৪ নভেম্বর) ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি নিম্নরূপ-
আজকের নামাজের সময়সূচি
তালাক নিয়ে ইসলামের বিধান, বিচ্ছেদেও রয়েছে নারীর অধিকার
বিয়ে শুধু দুজন মানুষের একসঙ্গে পথচলার নাম নয়, বরং এটি ভালোবাসা, বিশ্বাস, দায়িত্ব ও পারস্পরিক শ্রদ্ধার এক পবিত্র বন্ধন।
তালাক নিয়ে ইসলামের বিধান, বিচ্ছেদেও রয়েছে নারীর অধিকার
মসজিদে নববিতে মুসল্লিদের জন্য বিশেষ ‘তাসহিল কার্ড’, মিলবে পুনঃপ্রবেশের সুবিধা
সৌদি আরবের পবিত্র মসজিদে নববিতে জুমার নামাজ আদায় করতে আসা মুসল্লিদের সুবিধার্থে চালু রয়েছে বিশেষ ‘তাসহিল কার্ড’। এই কার্ডের মাধ্যমে জরুরি প্রয়োজনে সাময়িকভাবে মসজিদের বাইরে গেলেও পুনরায় প্রবেশের সুযোগ পান মুসল্লিরা।
মসজিদে নববিতে মুসল্লিদের জন্য বিশেষ ‘তাসহিল কার্ড’, মিলবে পুনঃপ্রবেশের সুবিধা
মসজিদে নববীতে রমজান ছাড়াও কেন চলে ইফতারির আয়োজন?
রমজান ছাড়াও বছরের প্রতি সোমবার ও বৃহস্পতিবার মসজিদে নববীতে আয়োজন করা হয় ইফতার। সুন্নাহ অনুসরণে নফল রোজা পালনকারী হাজারো মুসল্লি একসঙ্গে ইফতারে অংশ নেন। পবিত্র মদিনা। মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর স্মৃতিবিজড়িত এই শহর বিশ্বের কোটি কোটি মুসলমানের কাছে ভালোবাসা, শ্রদ্ধা ও আত্মিক প্রশান্তির এক অনন্য ঠিকানা। প্রতিদিন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য ধর্মপ্রাণ মানুষ ছুটে আসেন এই পবিত্র নগরীতে। কারও কাছে এটি বহুদিনের স্বপ্নপূরণ, আবার কারও কাছে জীবনের অন্যতম কাঙ্ক্ষিত সফর। মদিনায় এসে মুসল্লিদের অন্যতম আকর্ষণ মসজিদে নববী ও রাসুলুল্লাহ (সা.)-এর রওজা শরিফ জিয়ারত। প্রতিদিন হাজারো মুসল্লি দীর্ঘ সারিতে দাঁড়িয়ে রওজা শরিফে সালাম জানান। দীর্ঘ অপেক্ষার পর প্রিয় নবীর রওজার কাছে পৌঁছানোর মুহূর্তে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। কেউ দরুদ ও সালাম পাঠ করেন, কেউ নীরবে দাঁড়িয়ে থাকেন, আবার কারও চোখের পানিই হয়ে ওঠে অনুভূতির প্রকাশ। রাসুলুল্লাহ (সা.)-এর রওজা শরিফের পাশে শায়িত আছেন ইসলামের প্রথম খলিফা হজরত আবু বকর সিদ্দিক (রা.) এবং দ্বিতীয় খলিফা হজরত উমর ইবনুল খাত্তাব (রা.)। এ কারণে স্থানটি মুসলমানদের কাছে বিশেষ মর্যাদা ও আবেগের প্রতীক। তবে মসজিদে নববীর আরেকটি ব্যতিক্রমী আয়োজন অনেকেরই কৌতূহল জাগায়। সেটি হলো রমজান মাসের বাইরেও বছরজুড়ে নির্দিষ্ট দিনে ইফতারির ব্যবস্থা। সাধারণত প্রতি সোমবার ও বৃহস্পতিবার মসজিদে নববীতে রোজাদারদের জন্য ইফতারের আয়োজন করা হয়। ইসলামে এ দুই দিনে নফল রোজা রাখার বিশেষ ফজিলত রয়েছে। মহানবী (সা.) নিজেও নিয়মিত সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখতেন। তার সুন্নাহ অনুসরণে অনেক মুসল্লি এই দুই দিনে নফল রোজা পালন করেন। তাদের সুবিধার্থেই মসজিদে নববীতে এই ইফতার আয়োজন করা হয়। আজানের ধ্বনি শোনার সঙ্গে সঙ্গে শুরু হয় ইফতার। বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা মুসল্লিরা একই সারিতে বসে একসঙ্গে ইফতার করেন। ভাষা, বর্ণ ও দেশের ভেদাভেদ ভুলে একই কাতারে বসে খাবার ভাগাভাগি করার এই দৃশ্য ইসলামের সাম্য, ভ্রাতৃত্ব ও সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত। মসজিদে নববীর পাশেই অবস্থিত ঐতিহাসিক জান্নাতুল বাকি। ইসলামের ইতিহাসের বহু গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের সমাধিস্থল এই কবরস্থান। পবিত্র এই স্থান মুসল্লিদের মনে করিয়ে দেয় দুনিয়ার জীবনের ক্ষণস্থায়িত্ব এবং পরকালের কথা। দিনের আলো ফুরিয়ে সন্ধ্যা নামলেও মদিনার আধ্যাত্মিক পরিবেশে যেন ভাটা পড়ে না। মসজিদে নববীর আলোকোজ্জ্বল প্রাঙ্গণে চলতে থাকে নামাজ, কোরআন তিলাওয়াত, জিকির ও দোয়া। সবশেষে নিজ দেশে ফিরে যান বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা মুসল্লিরা। তবে তাদের হৃদয়ে থেকে যায় পবিত্র মদিনার অমলিন স্মৃতি, মসজিদে নববীর প্রশান্তি আর প্রিয় নবীর শহরে আবারও ফিরে আসার আকাঙ্ক্ষা। আরটিভি/এসকে
মসজিদে নববীতে রমজান ছাড়াও কেন চলে ইফতারির আয়োজন?
শুক্রবার সারা দিন যে ৩টি গুরুত্বপূর্ণ দোয়া বেশি বেশি পড়বেন
মুসলমানদের জন্য সপ্তাহের শ্রেষ্ঠ দিন পবিত্র জুমার দিন। এ দিনের বিশেষ মর্যাদা ও ফজিলত রয়েছে। হাদিসে জুমার দিনের বেশ কিছু গুরুত্বপূর্ণ আমলের কথা বর্ণিত হয়েছে। এর মধ্যে অন্যতম হলো আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করা।
শুক্রবার সারা দিন যে ৩টি গুরুত্বপূর্ণ দোয়া বেশি বেশি পড়বেন
আরও পড়ুন
বাংলাদেশ-পাকিস্তানের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
টিকটকের শুটিংয়ে বাঘকে চুমু খাওয়ার চেষ্টা, অতঃপর...
মসজিদে নববিতে মুসল্লিদের জন্য বিশেষ ‘তাসহিল কার্ড’, মিলবে পুনঃপ্রবেশের সুবিধা
হারামাইনে আজ জুমার নামাজ পড়াবেন যারা