
সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইন ডেটিং সাইটকে কেন্দ্র করে অভিনব প্রতারণার ফাঁদ তৈরি করেছিল একটি চক্র। নারীদের আকর্ষণীয় ছবি ব্যবহার করে খোলা হতো বিভিন্ন ভুয়া আইডি। দেশি-বিদেশি মোবাইল নম্বর থেকে পুরুষদের সঙ্গে যোগাযোগ করে দেওয়া হতো প্রেম, বন্ধুত্ব ও ডেটিংয়ের প্রলোভন। এরপর অনলাইন চ্যাটিং কিংবা সরাসরি দেখা করার সুযোগ দেওয়ার কথা বলে হাতিয়ে নেওয়া হতো টাকা। কিন্তু চ্যাটের ওপাশে কোনো নারী নয়, কথা বলতেন চক্রের পুরুষ সদস্যরা। এমনই একটি প্রতারক চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল ৩টার দিকে ময়মনসিংহ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান। এর আগে সোমবার (২৩ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে নগরীর কোতোয়ালি মডেল থানার ৬ নম্বর ওয়ার্ডের সেনপাড়া এলাকার একটি ভবনের ষষ্ঠ তলার কক্ষ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে তিনটি ল্যাপটপ ও সাতটি মুঠোফোন জব্দ করা হয়েছে। জব্দ করা ডিভাইসে নারীদের ছবি, পর্নোগ্রাফিক ছবি এবং বিভিন্ন ব্যক্তির মুঠোফোন নম্বর পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তার অভিযুক্তরা হলেন- ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের সহসাধারণ সম্পাদক মো. নাঈম মণ্ডল (২৪), বরিশালের মুলাদীর মাসুদ আল মারুফ (২৫), ময়মনসিংহের ফুলবাড়িয়ার তানভীর আহম্মেদ (২৫), টাঙ্গাইলের ঘাটাইলের জিল্লুর রহমান জনি (২৭), মনির হোসেন (২৩), মজনু (২৬) ও মো. রাকিব (২০)।
গ্রেপ্তার নাঈম মণ্ডল নিজেকে ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক হিসেবে দাবি করেছেন। তার ভাষ্য, মাত্র কয়েক মাস আগে তিনি এই প্রতারক চক্রের সঙ্গে যুক্ত হন। আন্তর্জাতিক অনলাইন ডেটিং সাইটের মাধ্যমে প্রতারণামূলক কার্যক্রম চালিয়ে এ পর্যন্ত তিনি প্রায় দুই থেকে আড়াই লাখ টাকা আয় করেছেন বলে স্বীকার করেন।
পুলিশ জানায়, অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে প্রতারণার অভিযোগ পাওয়ার পর জেলা গোয়েন্দা পুলিশের একটি দল বিষয়টি নিয়ে অনুসন্ধান ও নজরদারি শুরু করে। একপর্যায়ে আন্তর্জাতিক অনলাইন ডেটিং সাইটকেন্দ্রিক একটি প্রতারক চক্রের সন্ধান পাওয়া যায়। চক্রটির সদস্যরা বিভিন্ন নারীর ছবি ব্যবহার করে ভুয়া পরিচয়ে অনলাইনে সক্রিয় ছিল। দেশি-বিদেশি বিভিন্ন মোবাইল নম্বর ব্যবহার করে পুরুষদের সঙ্গে যোগাযোগ স্থাপন করত তারা।
প্রথমে বন্ধুত্ব ও প্রেমের সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করা হতো। পরে ডেটিং কিংবা বিশেষভাবে অনলাইন চ্যাটিংয়ের সুযোগ দেওয়ার কথা বলে আগ্রহীদের কাছ থেকে নির্দিষ্ট পরিমাণ টাকা দাবি করা হতো। কেউ আগ্রহ দেখালে বিকাশসহ বিভিন্ন আর্থিক লেনদেনের মাধ্যমে টাকা আদায় করা হতো। কিন্তু টাকা পাঠানোর পরও প্রতিশ্রুতি অনুযায়ী কোনো নারী কিংবা কাঙ্ক্ষিত সেবা পাওয়া যেত না। কারণ, পুরো প্রক্রিয়াটিই পরিচালনা করতেন চক্রের পুরুষ সদস্যরা। নারীর ছবি ও পরিচয় ব্যবহার করে তারা নিজেরাই নারীর ছদ্মবেশে কথোপকথন চালিয়ে যেতেন।
প্রাথমিক অনুসন্ধানে পুলিশ জানতে পেরেছে, প্রায় তিন মাস ধরে চক্রটি এভাবে প্রতারণামূলক কার্যক্রম পরিচালনা করে আসছিল। এ সময়ের মধ্যে শতাধিক ব্যক্তি প্রতারণার শিকার হয়ে থাকতে পারেন বলে ধারণা করছে পুলিশ। তবে প্রকৃত ভুক্তভোগীর সংখ্যা, হাতিয়ে নেওয়া অর্থের পরিমাণ এবং চক্রটির বিস্তৃতি জানতে তদন্ত চলছে।
অভিযানে জব্দ করা তিনটি ল্যাপটপ ও সাতটি মুঠোফোন পরীক্ষা করে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার কথা জানিয়েছে ডিবি। এসব ডিভাইসে বিভিন্ন নারীর ছবি, পর্নোগ্রাফিক ছবি এবং অসংখ্য ব্যক্তির মুঠোফোন নম্বর পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, এসব ছবি ও নম্বর ব্যবহার করেই প্রতারণার কার্যক্রম পরিচালনা করা হতো। তবে এসব আলামতের প্রকৃত ব্যবহার ও সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা ফরেনসিক পরীক্ষার পর আরও স্পষ্ট হবে।
তদন্তের স্বার্থে চক্রটির সঙ্গে জড়িত অন্য সদস্য এবং সংশ্লিষ্ট নারীদের পরিচয় এখনই প্রকাশ করছে না পুলিশ। চক্রের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলেও জানিয়েছেন পুলিশ সুপার।
এ ঘটনায় ডিবির উপ-পরিদর্শক (এসআই) যুবরাজ দাস বাদী হয়ে মঙ্গলবার বিকেলে কোতোয়ালি মডেল থানায় একটি মামলা করেন। পরে সন্ধ্যায় গ্রেপ্তার সাতজনকে পাঁচদিনের রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হয়। তবে মঙ্গলবার তাদের রিমান্ড শুনানি অনুষ্ঠিত হয়নি বলে জানিয়েছে পুলিশ। জব্দ করা আলামত আদালতের অনুমতি নিয়ে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হবে।
সংবাদ সম্মেলনে অনলাইন প্রতারণার পাশাপাশি কিশোর অপরাধ প্রতিরোধেও পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের দায়িত্বের বিষয়টি তুলে ধরেন পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান।
তিনি বলেন, কিশোরেরা আমাদের আগামী প্রজন্ম, দেশের ভবিষ্যৎ। তারা যেন কোনোভাবেই অপরাধপ্রবণতার দিকে ধাবিত না হয়, সে দায়িত্ব শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নয়। পরিবার থেকে শুরু করে সমাজের প্রতিটি মানুষের এ ক্ষেত্রে দায়িত্ব রয়েছে। বিশেষ করে অভিভাবক, শিক্ষক ও ধর্মীয় নেতাদের কিশোরদের সঠিক পথে পরিচালিত করতে এগিয়ে আসতে হবে। তাদের নৈতিক শিক্ষা দিতে হবে।
পুলিশ সুপার আরও বলেন, ময়মনসিংহে সাম্প্রতিক সময়ে কিশোরদের অপরাধে জড়িয়ে পড়ার কয়েকটি ঘটনা দেখা গেছে। এসব ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সংশোধনের উদ্যোগও নেওয়া হয়েছে। কয়েকজন কিশোর অপরাধীকে কিশোর সংশোধনাগারে পাঠানো হয়েছে এবং তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
আরটিভি/এমএইচজে


