
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ লিখে পোস্ট দেওয়ায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মো. রফিকুল আলম নামের এক কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিনি বিমানের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্যিক) হিসেবে কর্মরত ছিলেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিমানের প্রশাসন ও মানবসম্পদ বিভাগের তদন্ত শাখা থেকে জারি করা এক অফিস আদেশে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।
বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কাইজার সোহেল আহমেদ স্বাক্ষরিত ওই আদেশে বলা হয়, রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থায় চাকরিরত অবস্থায় সামাজিক যোগাযোগমাধ্যমে অনাকাঙ্ক্ষিত বিষয় প্রচার করায় বিমানের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়েছে।
এ ধরনের কর্মকাণ্ড বাংলাদেশ বিমান করপোরেশন কর্মচারী প্রবিধিমালা, ১৯৭৯-এর ৫৫ ধারার পরিপন্থী এবং শাস্তিযোগ্য অপরাধ। এ অবস্থায় সংশ্লিষ্ট প্রবিধিমালা অনুযায়ী রফিকুল আলমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে আদেশে উল্লেখ করা হয়।
সাময়িক বরখাস্ত থাকাকালে বিধি অনুযায়ী তিনি খোরপোশ ভাতা পাবেন। একই সঙ্গে তাকে বিমানের প্রধান কার্যালয় বলাকায় নিয়মিত হাজিরা দিতে বলা হয়েছে।
ফেসবুকে দেওয়া পোস্টের স্ক্রিনশটে দেখা গেছে, একটি ভিডিওতে ‘১৬ ডিসেম্বর ২.০ বিজয় দিবস’ লেখা রয়েছে। ওই পোস্টের মন্তব্যে রফিকুল আলম লিখেছেন, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’।
তবে এ বিষয়ে রফিকুল আলম বলেন, আমি কোনো রাজনীতি করি না। ছোটবেলা থেকেই মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুকে ভালোবাসি। আওয়ামী লীগের পক্ষে কোনো পোস্ট দেননি বলেও দাবি করেন তিনি।
এ বিষয়ে বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শাহনূর আহমেদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি রফিকুল আলমের সাময়িক বরখাস্তের বিষয়টি নিশ্চিত করতে পারেননি।
আরটিভি/টিআর




