
ভারতকে ওয়ানডে বিশ্বকাপ, টি-টোয়েন্টি বিশ্বকাপ ও আইসিসি ট্রফি জিতেয়েছেন মহেন্দ্র সিং ধোনি। টেস্ট র্যাংকিংয়েও এক নম্বরে দলে পরিণত করেছিলেন তিনি। কিংবদন্তি ক্রিকেটারের অবসরের সিদ্ধান্ত মেনে নিতে পারেনি অনেকেই। এমন সিদ্ধান্ত ছুঁয়ে গেছে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও। তাইতো আবেগতাড়িত হয়ে নিজেই ধোনিকে চিঠি লিখে ফেলেছেন সরকার প্রধান।
বর্ণাঢ্য ক্যারিয়ারে দেশকে ক্রিকেটের সর্বোচ্চ চূড়ায় তুলে নেয়ায় ধোনির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মোদি। অন্যদিকে প্রধানমন্ত্রীর কাছ থেকে চিঠি পেয়ে নিজেকে সৌভাগ্যবান মনে করছেন এমএসডি।
মোদির কাছ থেকে পাওয়া দুই পাতা চিঠিসহ একটি টুইট পোস্ট করেছেন ধোনি।
তিনি লিখেছেন, ‘একজন শিল্পী, সৈনিক ও খেলোয়াড় প্রশংসা চান, যাতে তাদের কঠোর পরিশ্রম আর আত্মত্যাগ সবার নজরে আসে এবং সবাই তার কদর করে।’
ভারতের সরকার প্রধানের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে দেশটির সর্বকালের সেরা অধিনায়ক বলেন, ‘ধন্যবাদ প্রধানমন্ত্রী, আপনার প্রশংসা ও শুভকামনার জন্য।’
গেল ১৫ আগস্ট আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর ঘোষণা দেন ধোনি। যদিও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) এই উইকেট-রক্ষক ব্যাটসম্যানকে দেখা যাবে বলে ধারণা করা হচ্ছে। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে বসতে চলেছে আইপিএল। সেখানে চেন্নাই সুপার কিংসের দায়িত্ব তার কাঁধেই থাকলে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো।
ওয়াই




