
অনেক দিন ধরেই বাংলাদেশ দলের ম্যানেজার হিসেবে দায়িত্বে ছিলেন সত্যজিৎ দাশ রুপু। আবাহনী ফুটবল দলেরও ম্যানেজার হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি। দীর্ঘ সময় একটি ক্লাব কর্মকর্তার হাতে জাতীয় দলের ম্যানেজারের দায়িত্ব থাকা নিয়ে ছিল নানা আলোচনা-সমালোচনা। দলের একাদশ বাছাই নিয়েও ছিল নানা অভিযোগ।
কয়েকদিন আগেই নির্বাচনের পর নতুন কমিটি গঠন হয়েছে। বাফুফের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী সম্প্রতি জানিয়েছেন, ফেডারেশনের কমিটির কেউই জাতীয় দল অথবা ঘরোয়া ক্লাবগুলোর ম্যানেজার হতে পারবে না।
করোনা পরবর্তী সময়ে নেপালের বিরুদ্ধে ম্যাচ দিয়ে ফুটবলে ফিরছে বাংলাদেশ। দুটি প্রীতি ম্যাচকে বন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি উৎসর্গ করেছে বাফুফে। জাতীর পিতার জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে ম্যাচগুলো ‘মুজিব বর্ষ ফিফা আন্তর্জাতিক ফুটবল সিরিজ ২০২০’ নামকরণ করা হয়েছে।
১৩ ও ১৭ তারিখ বঙ্গবন্ধু স্টেডিয়ামে বসতে চলা এই ম্যাচগুলোর আগে এখনও পর্যন্ত কোনও ম্যানেজারের নাম ঘোষণা করা হয়নি। ধারণা করা হচ্ছিল এরই মধ্যে নাম প্রকাশ করা হবে নতুন ম্যানেজারের। তবে ম্যাচ শুরুর তিন দিন আগে জানা গেল, ন্যাশনাল টিম কমিটির সভায় এখনও চূড়ান্ত হয়নি কে হচ্ছেন ফুটবলারদের ম্যানেজার।
তাই ম্যানেজার ছাড়াই নেপালের বিপক্ষে মাঠে নামতে পারে জামাল ভূঁইয়া নেতৃত্বাধীন দলটি, জানিয়েছেন ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ।
মঙ্গলবার বাফুফে ভবনে সভা শেষে কাজী নাবিল বলেন, ‘ম্যানেজারের সিদ্ধান্ত দেয়া হয়নি। সিদ্ধান্ত এখনও চূড়ান্ত হয়নি। আপাতত কোনও ম্যানেজার নাও দিতে পারি। সভাপতি ও বোর্ডের আলোচনা করে জানানো হবে।’
ওয়াই




