
১১ বছর ভারতের হয়ে বাইশ গজ দাপিয়ে বেড়ানো পেসার অজিত আগরকর। খেলেছেন ২৬টি টেস্ট, আছে ৫৮টি উইকেট। ব্যাট হাতে কম যেতেন না, রয়েছে একটি সেঞ্চুরিও। সেটিও আবার লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে। একদিনের ক্রিকেটে ১৯১টি ম্যাচে উইকেট নিয়েছেন ২৮৮টি।
ভারতের প্রধান নির্বাচক পদের জন্য নাম জমা দেন এই অভিজ্ঞ ক্রিকেটার। আগার্কারের সঙ্গে একই পদের জন্য প্রার্থী হন ১৯৮৭ বিশ্বকাপে হ্যাটট্রিককারী চেতন শর্মা। দীর্ঘ ১১ বছরের আন্তর্জাতিক ক্রিকেটে খেলেছেন ২৩টি টেস্ট, ৬৫টি একদিনের ম্যাচে নিয়েছেন ৬৭টি উইকেট। রয়েছে লর্ডসে ৫ উইকেট নেওয়ারও রেকর্ড। নেহরু কাপে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ জেতানো সেঞ্চুরিও আছে চেতনের ঝুলিতে।
ভারতীয় ক্রিকেট বোর্ড শেষ পর্যন্ত চেতন শর্মাকেই বেচে নিয়েছেন ভারতের প্রধান নির্বাচক হিসেবে। বৃহস্পতিবার বিসিসিআই-এর ক্রিকেট উপদেষ্টা কমিটির সভায় চেতনের সঙ্গে আবে কুরুভিল্লা ও দেবাশিস মোহান্তিকেও নেওয়া হয়েছে ৫ জনের নির্বাচক প্যানেলে। তবে অভিজ্ঞতার বিচারে আগার্কারের থেকে বেশ পিছিয়ে থাকলেও চেতন শর্মা বলছেন, তিনি কাজে বিশ্বাসী।
ভারতীয় দলের প্রধান নির্বাচক হয়ে চেতন শর্মা বলেন, ‘ভারতীয় ক্রিকেটের সঙ্গে যুক্ত হতে পেরে আমি গর্বিত। আমি কম কথা বলি কিন্তু আমার হয়ে কথা বলবে আমার কাজ। আমাকে সুযোগ দেয়ার জন্য বিসিসিআই-কে ধন্যবাদ।’
এমআর/পি




