
মাত্র ৩৬ রানে গুটিয়ে যাওয়ার লজ্জার ইতিহাস গড়া ভারত এবার ঘুরে দাঁড়িয়েছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ৮২ রানে লিড পেয়েছে টিম ইন্ডিয়া।
রোববার মেলবোর্ন টেস্টের দ্বিতীয় দিন শেষে ৫ উইকেট হারিয়ে সফরকারীদের সংগ্রহ ২৭৭ রান। শতক তুলে নিয়েছেন ভারপ্রাপ্ত অধিনায়ক আজিঙ্কা রাহানে।
আগেই জানানো হয়েছিল সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকতে অস্ট্রেলিয়া সফরের চার ম্যাচ সিরিজের শেষ তিন টেস্টে খেলবেন না নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি।
অ্যাডিলেডে প্রথম ম্যাচে ৮ উইকেটে বিশাল জয় পায় অজিরা। স্বাগতিক বোলারদের দাপটে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৩৬ রানে অলআউট হতে হয় কোহলির দলকে। এমন পরিস্থিতিতে দলকে রেখে ভারত ফিরতে হয় দলনেতাকে।
সহ-অধিনায়ক রাহানের নেতৃত্বে বক্সিং ডে টেস্টে মাঠে নামে ব্যাপক সমালোচনার মুখে পড়া দলটি। প্রথম দিনে ১৯৫ রানে টিম পেইন-স্টিভ স্মিথদের অল আউট করতে সক্ষম হয় বুমরাহ-অশ্বিনরা। প্রথম দিনে ভারতীয়রা ১ উইকেটে ৩৬ রান সংগ্রহ করে।
দ্বিতীয় দিনে শুভমান গিল ৪৫, চেতেশ্বর পূজারা ১৭, হনুমা বিহারি ২১ ও ঋশব পন্থ তুলেন ২৯ রান। অধিনায়ক ১০৪ রান করে অপরাজিত আছেন রাহানে । তার সঙ্গে ক্রিজে রয়েছেন ৪০ রান করা রবিন্দ্র জাদেজা।
অজিদের হয়ে দুটি করে উইকেট তুলেছেন মিচেল র্স্টাক ও প্যাট কামিন্স। একটি উইকেট শিকার করেন নাথান লায়ন।
সোমবার টেস্টের তৃতীয় দিনে নামবে দুই দল। ভোর ৫টা ৩০ মিনিটে সরাসরি সম্প্রচার করবে সনি সিক্স ও সনি টেন-১।
ওয়াই




