
অভিষিক্তরা সব সময় নিজের মতো স্বাধীনতা চান ম্যাচে, আর সেটাই পেয়েছেন মেলবোর্নে অভিষিক্ত ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজ। সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকতে দেশে ফিরেছেন নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি। তাই এই ম্যাচে নেতৃত্ব দিচ্ছেন আজিঙ্কা রাহানে।
অ্যাডিলেড টেস্টের দ্বিতীয় ইনিংসে ৩৬ রানে গুটিয়ে যাবার লজ্জা কাটিয়ে উঠতে বক্সিং ডে টেস্টে দারুণ পারফর্ম করতে হবে দলটাকে। রাহানের নেতৃত্বে ব্যাটে বলে সেভাবেই এগুচ্ছে ভারত।
দলের নিয়মিত পেসার মোহাম্মদ শামী ছিটকে যাওয়ায় সুযোগ হয়েছে সিরাজের। অভিষেক ম্যাচের প্রথম ইনিংসে ১৫ ওভারে ৪০ রান দিয়ে নেন ২ উইকেট। মার্নাস লাভুশানে আর গ্রিন ক্যামেরুনের মতো গুরুত্বপূর্ণ দুইজনকে তুলে নেন হায়দরাবাদের এই পেসার।
প্রথম দিন শেষে সিরাজ জানান অভিষেকের গল্প। যার বেশিরভাগ জুড়েই ছিলেন আজিঙ্কা রাহানে।
‘প্রথমত আমি অনেক খুশি আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে অভিষেক হয়েছে বলে। আমি আরও কৃতজ্ঞ অধিনায়ক আজিঙ্কা রাহানের উপর। আমি ঠিক যেমন ভাবে চেয়েছি অধিনায়ক সেভাবেই সুযোগ দিয়েছেন আমাকে। তিনি আমাকে বলেছিলেন, ‘এ’ দল কিংবা ঘরোয়া ক্রিকেটে যেভাবে খেলেছি সেভাবেই খেলতে কোনো ছাপ না নিয়ে।’
সিরাজ আরও বলেন, ‘আমাকে সে অনেক অনুপ্রেরণা দিয়েছে যা আমাকে সাহস জুগিয়েছে। খারাপ বল করার পর দৌড়ে এসে বলেছে, কোনো চিন্তা না করতে।’
অধিনায়ক হিসেবে রাহানে ব্যাট হাতেও নেতৃত্ব দিচ্ছেন দুর্দান্ত। ২০০ বলে ১০৪ রানের অপরাজিত ইনিংস খেলে শেষ করেছেন দ্বিতীয় দিন। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার করা ১৯৫ রানের জবাবে ৮২ রানের এগিয়ে গেছে সফরকারীরা।
এমআর/




