
ইংল্যান্ডের ক্লাব ডার্বিশায়ারে কাজ করার জন্য শ্রীলঙ্কার প্রধান কোচের দায়িত্ব ছাড়ছেন মিকি আর্থার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শ্রীলঙ্কার আসন্ন টেস্ট সিরিজের পরপরই শেষ হচ্ছে দক্ষিণ আফ্রিকান এই কোচের লঙ্কান অধ্যায়।
জানা যায়, বোর্ডের চাপে নয়, নিজেই ইচ্ছাতেই শ্রীলঙ্কার দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আর্থার। লঙ্কান গণমাধ্যম জানায়, মঙ্গলবার (১৬ নভেম্বর) শ্রীলঙ্কা ক্রিকেটকে (এসএলসি) আর্থার তার পদত্যাগপত্র জমা দিয়েছেন।
ডার্বিশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাবের সঙ্গে তিন বছরের জন্য চুক্তি করেছেন আর্থার, যেখানে তার দায়িত্ব হবে ডিরেক্টর অব ক্রিকেটের গুরুত্বপূর্ণ পদ সামলানো।
এর আগে দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও পাকিস্তানের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন মিকি আর্থার। তার অধীনে পাকিস্তান জিতিছে চ্যাম্পিয়ন্স ট্রফি।
২০১৯ বিশ্বকাপের পর পাকিস্তানের পারফরম্যান্সে অসন্তুষ্ট হয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আর্থারকে দায়িত্ব থেকে সরিয়ে দেয়। তৎকালীন চন্ডিকা হাথুরুসিংহেকে সরিয়ে শ্রীলঙ্কার দায়িত্ব তুলে দেওয়া হয় আর্থারের কাঁধে।
টিএন/টিআই




