
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ওয়ানডেতে মাঠে নামার আগে বাংলাদেশ কোচ রাসেল ডমিঙ্গোর আমন্ত্রণে টাইগারদের ড্রেসিং রুমে এসেছিলেন এবি ডি ভিলিয়ার্স। এই কিংবদন্তি সাউথ আফ্রিকান টাইগার ক্রিকেটারদের সঙ্গে প্রায় ৫০ মিনিট কথা বলেছিলেন।
সেখানে ভিলিয়ার্সের কথায় অনুপ্রাণিত হয়েছিলেন ইয়াসির আলী রাব্বী। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদের মাঠে প্রথম জয়ের দিন ব্যাট হেসেছিল ইয়াসিরের। ওয়ানডে ক্যারিয়ারের প্রথম অর্ধশতক তুলে নিয়ে ফিরেছেন পঞ্চাশ রানেই। ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে জানালেন, ডি ভিলিয়ার্সের কথা বিশেষ ভাবে কাজে লেগেছে তার জন্য।
ইয়াসির বলেন, ‘অনেক কথার মধ্যে কিছু না কিছু তো কাজে লাগেই সবসময়। ডি ভিলিয়ার্স ওইদিন হোটেলে এসেছিলেন। অবশ্যই কিছু কথা তো সবসময় কাজে লাগে। তিনি সেদিন হোটেলে এসে এমন কিছু কথা বলেছেন, বিশেষ করে আমার জন্য সে কথা গুলো কাজে লেগেছে।’
ইয়াসির এদিন মাঠে নেমেই সঙ্গী হিসেবে পান সাকিব আল হাসানকে। ব্যাট হাতে ৭৭ রান করা সাকিব ছিলেন দারুণ ছন্দে। মাঠে নামার পর সাকিবের কথায়ও অনুপ্রাণিত হয়েছিলেন ইয়াসির, এমনটা জানিয়েছেন এই ডানহাতি ব্যাটার।
ইয়াসির আরও যোগ করেন, ‘সাকিব ভাইয়ের কাছে উইকেটের কন্ডিশন জানতে চেয়েছিলাম। উনি বলেছিলেন, ৫-৬টা বল দেখো। তুমি যদি ১০-১৫ বল খেলতে পারো তাহলে বুঝতে পারবে উইকেট কতটা ভালো। এরপর তুমি নিজেই মারতে পারবে।’
সেঞ্চুরিয়নে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আগে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ৩১৪ রান করে বাংলাদেশ। সাকিবের ৭৭ রানের পাশাপাশি অর্ধশতক স্পর্শ করেই ৫০ রানে ফিরে যান লিটন ও ইয়াসির। জবাবে ২৭৬ রানে অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা।




