
দেশের ক্রীড়া সাংবাদিক ও লেখকদের সবচেয়ে প্রাচীন ও সর্ববৃহৎ সংগঠন বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশন (বিএসপিএ)। চলতি বছর সংগঠনটি প্রতিষ্ঠার ৬০ বছর পূর্ণ করেছে। খেলাধুলার ব্যস্ত সূচির মাঝেও বছরের শেষভাগে সংস্থাটি জমকালো আয়োজনে ৬০ বছর পূর্তি (হীরক জয়ন্তী) উৎসব পালন করবে। এই সময়টিকে স্মরণীয় করে রাখতে দেশের ১০ ক্রীড়াবিদকে সংবর্ধনা দেওয়ার ঘোষণা দিয়েছে বিসএসপিএ।
নির্বাচিত ক্রীড়াবিদরা হলেন, সাকিব আল হাসান (ক্রিকেট), মাশরাফি বিন মুর্তজা (ক্রিকেট), কাজী মোহাম্মদ সালাউদ্দিন (ফুটবল), মোনেম মুন্না (ফুটবল), মোশাররফ হোসেন (বক্সিং), নিয়াজ মোরশেদ (দাবা), আসিফ হোসেন খান(শুটিং), শাহ আলম (অ্যাথলেটিকস), মোশাররফ হোসেন খান (সাঁতার) ও সিদ্দিকুর রহমান (গলফ)।
মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুরে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের ডাচ-বাংলা অডিটরিয়ামে হীরকজয়ন্তী উৎসব আয়োজন উপলক্ষে সংবাদ সম্মেলন করে বিএসপিএ। এ সময় বিস্তারিত তথ্য উপস্থাপন করেন বিএসপিএর সভাপতি সনৎ বাবলা।
সংগঠনের সাধারণ সম্পাদক মো. সামন হোসেনের পরিচালনায় আরও বক্তব্য রাখেন হীরকজয়ন্তী আয়োজক কমিটির চেয়ারম্যান কাজী শহীদুল আলম। অনুষ্ঠানে হীরকজয়ন্তী উপলক্ষে লোগো উন্মোচন করা হয়।

উল্লেখ্য, করোনা মহামারির আগেই বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী সময়ে সেরা ১০ ক্রীড়াবিদ নির্বাচনের জন্য আট সদস্যের জুরি বোর্ড গঠন করা হয়েছিল। তখন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্যের নিরিখে ১০৮ জন ক্রীড়াবিদকে প্রাথমিকভাবে বাছাই করা হয়েছিল। তাদের মধ্যে থেকে সাত ডিসিপ্লিনে ১০ জনের নাম চূড়ান্ত করা হয়েছে।
হীরকজয়ন্তী অনুষ্ঠানে সম্মাননাপ্রাপ্ত ১০ ক্রীড়াবিদকে ট্রফি ও আর্থিক পুরস্কারও প্রদান করা হবে। বিএসপিএর এই আয়োজনে পৃষ্ঠপোষক হিসেবে সঙ্গে রয়েছেন দেশের অন্যতম বৃহৎ করপোরেট প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ।




