
চলতি কাতার বিশ্বকাপের শেষ মুহূর্তেও আলোচনা-সমালোচনা চলছেই। বিশ্বকাপেকে সামনে রেখে স্টেডিয়াম নির্মাণে ব্যাপক শ্রমিকের মৃত্যুর খবর প্রকাশিত হওয়ার পর আসর চলাকালেই বেশ কয়েকজন সাংবাদিকের মৃত্যুর খবর বের হয়। এবার সেই তালিকায় যোগ হলেন ফাইনাল ম্যাচের ভেন্যু লুসাইল আইকনিক স্টেডিয়ামের নিরপত্তার কাজে নিয়োজিত থাকা এক ব্যক্তি।
কেনিয়ার ২৪ বছর বয়সী ওই ব্যক্তির নাম জন এনজাও কিবুয়ে। তিনি লুসাইল স্টেডিয়ামের নিরপত্তা কর্মী হিসেবে নিয়োজিত ছিলেন। তিনি গত শনিবার দায়িত্ব পালনের সময় আট তলা থেকে রহস্যজনকভাবে পড়ে যান।
পরে স্টেডিয়ামের মেডিকেল টিম তাৎক্ষনিক ঘটনাস্থলে গিয়ে তাকে জরুরি চিকিৎসা দেয়। পরে অ্যাম্বুলেন্সে করে হামাদ মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়ার পর ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) নেওয়া হয়। সেখানে তিন দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত মারা যান।
বুধবার (১৪ ডিসেম্বর) কাতার বিশ্বকাপের আয়োজক কর্তৃপক্ষ ‘সুপ্রিম কমিটি ফর ডেলিভারি অ্যান্ড লেগ্যাসি’ জানায়, ‘মঙ্গলবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জন এনজাও কিবুয়ে নামের ওই নিরাপত্তা কর্মী।’
বিবৃতিতে আরও বলা হয়েছে, আমরা দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, তিন দিন ইনটেনসিভ কেয়ার ইউনিটে থাকার পর, মেডিকেল টিমের প্রচেষ্টা সত্ত্বেও, ১৩ ডিসেম্বর মঙ্গলবার তিনি হাসপাতালে মারা যান। তবে ওই নিরাপত্তা কর্মীর মৃত্যুর কারণটি ‘জরুরি ও গুরুতর’ বিষয় হিসেবে তদন্ত শুরু করা হচ্ছে বলেও জানিয়েছে আয়োজক কর্তৃপক্ষ।
এদিকে মরুর বুকে বিশ্বকাপ চলাকালে কাতারে গ্রান্ট ওয়াহল, খালিদ-আল-মিসলাম ও রজার পিয়ার্স নামের তিনজন সাংবাদিকের মৃত্যু হয়েছে। এর মধ্যে মার্কিন সাংবাদিক ওয়াহলকে হত্যা করা হয়েছে বলে দাবি করছেন তার ভাই এরিক ওয়াহল।
উল্লেখ্য, আগামী রোববার (১৮ ডিসেম্বর) লুসাইল স্টেডিয়ামে ফুটবল বিশ্বকাপের ২২তম আসরের শিরোপা নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হবে। যেখানে ফাইনালে আর্জেন্টিনার মুখোমুখি হবে দ্বিতীয় সেমিফাইনালে ফ্রান্স কিংবা মরক্কো।




