
জাতীয় নারী ফুটবল দলের জন্য নতুন কোচ নিয়োগ দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সাবিনা-সানজিদাদের জন্য এবারে স্পেশালিষ্ট গোলরক্ষক কোচ নিয়োগ দিয়েছে বাফুফে।
কোচের এই পদে দায়িত্ব দেওয়া হয়েছে জাতীয় দলের সাবেক ফুটবলার আরিফুর রহমান পান্নুকে।
তবে সংক্ষিপ্ত সময়ের জন্য দায়িত্বভার পেয়েছেন তিনি। প্রাথমিক অবস্থায় কেবল অক্টোবর মাসটা তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।
সম্প্রতি এশিয়ান গেমস খেলে দেশে ফিরেছেন নারী দলের ফুটবলাররা। টাইগ্রেসদের সামনে এখন মিশন লেবানন। যদিও ম্যাচটি এখনও নিশ্চিত না পুরোপুরি।
কেননা চলমান ইসরাইল-ফিলিস্তিন যুদ্ধের কারণে অনেকটাই অনিশ্চিত লেবাননের বিপক্ষে বাংলাদেশের ফিফা উইন্ডোর দুটি ম্যাচ।
তবে বিষয়টি নিয়ে লেবাননের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে বাফুফে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে আগামী সপ্তাহের ভেতর চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেবে দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।




