
একদিন আগেই টি-টোয়েন্টি ক্রিকেট ইতিহাসের সর্বোচ্চ সংগ্রহ দাঁড় করিয়েছিল আর্জেন্টিনার মেয়েরা। চিলির মেয়েদের বিপক্ষে ২০ ওভারে মাত্র এক উইকেট হারিয়ে ৪২৭ রান করে বিশ্বরেকর্ড গড়েছিল তারা। এরপর চিলিকে মাত্র ৬৩ রানে অলআউট করে ৩৬৪ রানের বিশাল ব্যবধানে ম্যাচ জিতে নেয় লে আলবিসেলেস্তেরা।
এমন অবিস্মরণীয় এক জয়ের রেশ কাটতে না কাটতেই এবার দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৩০০ রান সংগ্রহ করে আর্জেন্টিনা। এরপর চিলিকে ১৯ রানে অলআউট করে ম্যাচ জেতে ২৮১ রানের ব্যবধানে। ৩০১ রানের লক্ষ্যে খেলতে নেমে মাত্র ১৯ রানে অলআউট হয় চিলির মেয়েরা।
আর্জেন্টিনার ঘরের মাঠ বুয়েনস আইরেসের সেন্ট আলবানস ক্লাব মাঠে প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ছয় উইকেট হারিয়ে ৩০০ রান করে আর্জেন্টিনা। দলের হয়ে সর্বোচ্চ ১০৫ রান তুলেন মারিয়া। ৫৬ বলে ১৩ চার ও ১ ছক্কায় করা সাজানো ছিল মারিয়ার ইনিংসটি। দ্বিতীয় সর্বোচ্চ ৫৭ রান এসেছিল অতিরিক্ত খ্যাত থেকে।
এরপর রান তাড়ায় নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারায় চিলি। এতে তাদের ৯.২ ওভারে মাত্র ১৯ রানেই গুঁটিয়ে দেয় আর্জেন্টিনার মেয়েরা। বল হাতে আর্জেন্টিনার হয়ে ৩টি করে উইকেট নেন কনস্টানজা সোসা ও আলবার্টিনা গালান।
আর্জেন্টিনা নারী একাদশ: লুসিয়া টেলর, আলবার্টিনা গালান, মারিয়া কাস্টিনিরাস, অ্যালিসন স্টকস (অধিনায়ক), জুলিয়েটা কুলেন, কনস্টানজা সোসা, মারিয়ানা মার্টিনেজ, অ্যালিসন প্রিন্স, প্যাট্রন ফুয়েন্তেস (ডব্লিউ), ক্যাটালিনা গ্রেলোনি, ভেরোনিকা ভাসকেজ।
চিলি নারী একাদশ: ক্যামিলা ভালদেস (অধিনায়ক), মারিয়া সালাজার, জেসিকা মিরান্ডা, এস্পেরানজা রুবিও, কনস্টানজা ওয়ার্স, ফ্রাঞ্চেস্কা মোয়া, এমিলিয়া তোরো, ইয়াধিরা নুনেজ (ডব্লিউ), ফ্লোরেনসিয়া মার্টিনেজ, কনস্টানজা ভারগারা, সোফিয়া আরায়া।




