
বাংলাদেশ ক্যান্সার এইড ট্রাস্ট (ব্যানক্যাট) এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) যৌথ উদ্যোগে ‘খেলবেই বাংলাদেশ’ প্রেজেন্টস ‘ক্রিকেট ফর ক্যান্সার’ আয়োজিত হয়েছে।
গুলশান ইয়ুথ ক্লাবে আয়োজিত এই অনুষ্ঠানে বিসিবি মিডিয়া চেয়ারম্যান তানভীর আহমেদ ও ক্রিকেট অপারেশন বোর্ডের চেয়ারম্যান জালাল ইউনুস উপস্থিত ছিলেন।
সাবেক ও বর্তমান ক্রিকেটারদের মধ্যে শাহরিয়ার নাফিস, হান্নান সরকার, হাবিবুল বাশার, জাভেদ ওমর, আইসিসি আম্পায়ার মাসুদুর রহমান মুকুল, আহসানুল্লাহ হাসান, টি-স্পোর্টসের সিইও ইশতিয়াক সাদেক, এহসানুল হক সিজান, চৈতি ফারহানা (সাবেক ক্রিকেটার মোশাররফ রুবেলের স্ত্রী), মাহমুদ-উল্লাহ রিয়াদ, মিনহাজ আহমেদ উপস্থিত ছিলেন। এ ছাড়া নারী খেলোয়াড়দের মধ্যে ফারজানা হক পিংকি, মুর্শিদা খাতুন হ্যাপি, নাহিদা আক্তার, মারুফা আক্তার উপস্থিত ছিলেন।
অন্যদিকে সেলিব্রেটিদের মধ্যে রাফসান সাবাব, শুভাশিস ভৌমিক, শেরওয়ার এবং মারিয়া উপস্থিত ছিলেন। এ ছাড়াও উপস্থিত ছিলেন বিসিবির একাধিক পরিচালক, ব্যানক্যাটের ট্রাস্টি বোর্ডের সদস্য ও ক্রিকেট অনুরাগীরা।
দিনব্যাপী এই অনুষ্ঠানের প্রথমে মোশাররফ রুবেল একাদশ বনাম নাদির শাহ একাদশের মধ্যে একটি টি-টেন ক্রিকেট ম্যাচ আয়োজিত হয়। এ ম্যাচে ২২ বলে ৪৬ রান সংগ্রহ করে ম্যান অব দ্য ম্যাচ হন শাহরিয়ার নাফিজ। ম্যান অব দ্য ম্যাচের জন্য পাওয়া ২৫ হাজার টাকা ক্যান্সার যোদ্ধাদের জন্য দান করে দেন তিনি। এরপর ভার্সিটিপড়ুয়া ইয়ংস্টারদের নিয়ে দুর্বার-১১ বনাম অদম্য-১১ এর মধ্যে প্রীতি ম্যাচ আয়োজিত হয়।
এ সময়ে বাংলাদেশ ক্যান্সার এইড ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক নাজমুস আহমেদ আলবাব বলেন, ক্রিকেট একটি সম্মানের এবং সহমর্মিতার খেলা। এ ছাড়া প্রত্যেক ব্যক্তিরই তার সমাজের প্রতি নিজস্ব কর্তব্য রয়েছে। তাই ক্রিকেটকে একটি প্ল্যাটফর্ম হিসাবে ব্যবহার করে, আসুন ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করার জন্য ঐক্যবদ্ধ হই।
বাংলাদেশ ক্যান্সার এইড ট্রাস্ট (ব্যানক্যাট) ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) যৌথ উদ্যোগে আয়োজিত ‘খেলবেই বাংলাদেশ প্রেজেন্টস ক্রিকেট ফর ক্যান্সারের’ বেভারেজ পার্টনার হিসেবে ছিল এসএমসি গ্রুপ, হসপিটালটি পার্টনার ছিল কোয়ালিটি ফুড। এ ছাড়াও অন্য পার্টনার হিসেবে সি-থ্রি সিক্সটি, ফেইরো, মার্ভেল বি ইউ এবং টি-স্পোর্টস উপস্থিত ছিল।
ব্যানক্যাটের সম্পর্কে :
বাংলাদেশ ক্যান্সার এইড ট্রাস্ট (ব্যানক্যাট) হলো একটি অলাভজনক প্রতিষ্ঠান। বাংলাদেশের সুবিধাবঞ্চিত ক্যান্সার রোগীদের আর্থিক সহায়তা ও ঔষধ প্রদান, ঢাকার বাইরে থেকে ক্যান্সারের চিকিৎসা নিতে আসা রোগী ও তার পরিবারকে বিনামূল্যে থাকা-খাওয়া এবং সেবা প্রদানসহ নানান সুবিধা এবং ক্যান্সারের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধিতে কাজ করে ব্যানক্যাট। ব্যানক্যাটের ক্যান্সার কেয়ার হোম ‘মোসাব্বির মেমোরিয়াল আলোক নিবাস’-এ বর্তমানে ৭৪টি বেড রয়েছে। সেখানে সুবিধাবঞ্চিত ক্যান্সার রোগীদের কেমোথেরাপির সময় বিনামূল্যে থাকা-খাওয়ার ব্যবস্থা করা, হাসপাতালে যাতায়াত এবং অভিজ্ঞ নার্স দ্বারা সেবা প্রদান করা হয়ে থাকে।




