
চলমান ওয়ানডে বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডকে ৭০ রানে হারিয়ে ফাইনালে উঠেছে ভারত। প্রথমে ব্যাট করে কোহলি-আইয়ারের জোড়া সেঞ্চুরিতে ৩৯৮ রান সংগ্রহ করেছিল তারা। জবাবে পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে এক মোহাম্মদ শামির বোলিং তোপে ৩২৭ রানেই অলআউৎ হয়ে যায় কিউইরা।
বৃস্পতিবার (১৬ নভেম্বর) কলকাতার ইডেন গার্ডেন্সে বাংলাদেশ সময় বেলা আড়াইটায় দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে দুই পরাশক্তি অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচের জয়ী দলের বিপক্ষে আগামী ১৯ নভেম্বর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে রোহিত শর্মারা।
বৃষ্টির কথা মাথায় রেখেই বিশ্বকাপের দুই সেমিফাইনাল ও ফাইনালের জন্য রাখা হয়েছে রিজার্ভ ডে। জানা গেছে, ইডেনে অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকার সেমিফাইনাল ঘিরে সংশয় দেখা দিয়েছে। বঙ্গোপসাগরের নিম্নচাপের কারণে কলকাতায় হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে।
আবহাওয়া বার্তায় জানা গেছে, কলকাতায় সেমিফাইনালের দিন ৪০ শতাংশ বৃষ্টিপাতের সম্ভাবনার পূর্বাভাস রয়েছে। তবে রিজার্ভ ডে মানে পরেরদিন শুক্রবারেও বৃষ্টির হাত থেকে রেহাই নেই। সেদিন আরও বেশি অর্থাৎ ৫০ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সেমিফাইনালের দিনেই ম্যাচটি সম্পূর্ণ করার চেষ্টা করবেন আম্পায়াররা। ওভার কমিয়ে প্রতি পক্ষে ন্যূনতম ২০ ওভারের খেলা চালিয়ে নেওয়ার চেষ্টা করবেন তারা। যদি তাও সম্ভব না হয় তবেই খেলা গড়াবে রিজার্ভ ডে’তে। ওল্ড ট্রাফোর্ডে ২০১৯ সেমিফাইনালেও নিউজিল্যান্ড-ভারত ম্যাচ রিজার্ভ ডে’তে গড়িয়েছিল।
যদি রিজার্ভ ডে’তেও খেলা শেষ করা সম্ভব না হয়, তাহলে গ্রুপ পর্বের পয়েন্ট টেবিল অনুযায়ী সেরা দলকেই ফাইনালিস্ট ঘোষণা করা হবে। যদি তাই হয়, তাহলে কপাল পুড়বে অস্ট্রেলিয়ার আর প্রোটিয়াদের জন্য হবে আশীর্বাদ। পয়েন্ট তালিকায় এগিয়ে থাকার সুবিধা পেয়ে দক্ষিণ আফ্রিকা ফাইনালে চলে যাবে।
বিশ্বকাপের রাউন্ড রবিন লীগ পর্বে ৯ ম্যাচে ৭ জয়ে ১৪ পয়েন্ট নিয়ে সেমিফাইনালে পৌঁছে দক্ষিণ আফ্রিকা। সমান পয়েন্ট অস্ট্রেলিয়ারও। তবে রান রেটে এগিয়ে থাকায় পয়েন্ট টেবিলের দুইয়ে দক্ষিণ আফ্রিকা। তিনে অস্ট্রেলিয়া।




