
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে প্রথমবারের মতো এশিয়া কাপের চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। ইতিহাস গড়ে সোমবার (১৮ ডিসেম্বর) দেশের মাটিতে পা রাখছে জুনিয়র টাইগাররা।
এবার অপরাজিত চ্যাম্পিয়ন দলকে বরণে নানান আয়োজনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সোমবার বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা জানানোর পর মঙ্গলবার সংবর্ধনা দেওয়া হবে।
সোমবার বিকেল ৪টা ৩০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে মাহফুজুর রহমান রাব্বির দল। তাদের উষ্ণ অভ্যর্থনা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির ম্যানেজার আবু ইনাম মোহাম্মদ কাউছার। সেখানে বিসিবির পরিচালক-কর্মকর্তারা উপস্থিত হয়ে যুবাদের বরণ করবেন।
সেখান থেকে যুবাদের বিসিবিতে নিয়ে আসা হবে। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) তাদের নিয়ে রিসিপশন প্রোগ্রামের আয়োজন করবে দেশের ক্রিকেটের নিয়ন্তা সংস্থা। এ ব্যাপারে সোমবারই সিদ্ধান্ত নেওয়া হবে।
উল্লেখ্য, রোববার (১৭ ডিসেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ফাইনালে দুর্দান্ত ফর্মে থাকা ওপেনার আশিকুর রহমানের ১২৯ রানে ভর করে ৮ উইকেটে ২৮২ রান তুলেছিল বাংলাদেশের যুবারা। জবাবে রান তাড়ায় আমিরাতকে ২৪ দশমিক ৫ ওভারে ৮৭ রানে অল-আউট করে ১৯৫ রানে জিতেছে বাংলাদেশ।




