
খেলার মাঠে এবং মাঠের বাইরে অ্যাথলেটদের স্বার্থ সংরক্ষণ এবং স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে জাতীয় অলিম্পিক কমিটি সমূহকে প্রয়োজনীয় সুপারিশ প্রদানের লক্ষ্যে বিশ্বের প্রায় প্রতিটি দেশের জাতীয় অলিম্পিক কমিটিতে অ্যাথলেট কমিশন রয়েছে।
এরই আলোকে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) নীতিমালা অনুসরণ করে ২০১৯ সালে প্রথমবারের মতো বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন (বিওএ) অ্যাথলেট কমিশন গঠন করে। সেই কমিটির মেয়াদ শেষ হওয়ায় নতুন অ্যাথলেট কমিশন গঠন করেছে বিওএ।
রোববার (২৪ ডিসেম্বর) নবগঠিত বিওএ অ্যাথলেট কমিশনের প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভায় বিওএ’র মহাসচিব জনাব সৈয়দ শাহেদ রেজা অ্যাথলেট কমিশনের কার্যক্রম সুষ্ঠ ও সুন্দরভাবে পরিচালনার জন্য গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন।
এবার আগামী চার বছরের জন্য ৭ সদস্যের এই কমিটি গঠন করা হয়েছে। ২০১৯ সালের ১৮ মার্চ গঠন করা আগের কমিটির সদস্য ছিলেন ৬ জন। তবে নতুন এই কমিটিতে আগের কমিটির চারজনকে রাখা হয়েছে।
তারা হলেন- সাবেক জাতীয় অ্যাথলেট ফারহাদ জেসমিন লিটি, জাতীয় গলফার সিদ্দিকুর রহমান, সাবেক জাতীয় সাঁতারু ও এসএ গেমসে দুটি স্বর্ণজয়ী মাহফুজা খাতুন শিলা এবং জাতীয় শুটার ও এসএ গেমসে স্বর্ণজয়ী শাকিল আহমেদ।
বাড় পড়েছেন টেবিল টেনিসের রানী জোবেরা রহমান লিনু ও দেশের দ্রুততম মানবী শিরিন আক্তার।
নতুন কমিটিতে জায়গা পেয়েছেন এসএ গেমসে দুটি স্বর্ণজয়ী দেশসেরা নারী ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত, দেশসেরা নারী আরচার দিয়া সিদ্দিকী এবং জাতীয় ও পেশাদার বক্সার সুর কৃষ্ণ চাকমা।
সভায় উপস্থিত নবগঠিত অ্যাথলেট কমিশনের সদস্যগণ সর্বসম্মতিক্রমে ফারহাদ জেসমিন লিটিকে কমিশনের চেয়ারম্যান হিসেবে মনোনীত করেন।




