
রেকর্ড দামে পিএসজিতে যাওয়ার পর উরুগুইয়ান স্ট্রাইকারের সঙ্গে স্পট কিক নেয়া নিয়ে দ্বন্দ্বের জেরে ফুটবল বিশ্বে তোলপাড় শুরু হয়। এমনও শুনা যায় যে কাভানিকে বিক্রি করে দেয়ার জন্য ক্লাব সভাপতিকে পর্যন্ত অনুরোধ করেছিলেন নেইমার। পরবর্তীতে ক্লাব সভাপতি ও কোচের হস্তক্ষেপে পরিস্থিতি ঠাণ্ডা হয়। কিন্তু তারপরও থেকে যায় এর রেশ। শেষ পর্যন্ত শীতকালীন মৌসুমে কাভানি পিএসজি ছেড়ে দিবেন বলেও শোনা যায়। কিন্তু সে আলোচনায় পানি ঢেলে দিলেন স্বয়ং কাভানি।
দ্য টেলিগ্রাফকে দেয়া এক সাক্ষাৎকারে কথা বললেন নেইমার ও পিএসজি সম্পর্কে। ফরাসি ক্লাব পিএসজির উরুগুইয়ান স্ট্রাইকার এডিনসন কাভানি জানালেন, তার ও নেইমারের মধ্যকার সম্পর্কটা দারুণ। পিএসজি ছেড়ে যাওয়ার কোন ইচ্ছা তার ভাবনাতে নেই।
নেইমারের সঙ্গে সম্পর্কের বর্ণনা দিতে গিয়ে এডিনসন কাভানি বলেছেন, আমাদের মধ্যকার সম্পর্কটা দারুণ। আমরা পেশাদার। আমাদের লক্ষ্য টিমওয়ার্ক ও দলকে এগিয়ে নিয়ে যাওয়া।
ন্যাপোলি থেকে ২০১৩ সালে পিএসজিতে আসার পর থেকেই দারুণ খেলছেন কাভানি। এখন পর্যন্ত প্যারিসের ক্লাবটির হয়ে করেছেন ১৫৫ গোল। আর একটি গোল করলেই ক্লাবটির হয়ে সবচেয়ে বেশি গোল করা জ্লাতান ইব্রাহিমোভিচকে ছুঁবেন ৩০ বছর বয়সী এই খেলোয়াড়। কাভানি পিএসজির হয়ে এখন পর্যন্ত ৩টি লিগ ওয়ানসহ জিতেছেন ১৩টি শিরোপা। তবে এখন পর্যন্ত পিএসজির হয়ে চ্যাম্পিয়নস লিগের শিরোপা ছুঁয়ে দেখতে পারেননি।
তিনি আরো বলেন, নেইমার যখন দলে সাইন করলো তখন সবাই খুশি ছিল। সে একজন সেরা খেলোয়াড়। আমাদের জন্য এটা অবিশ্বাস্য রোমাঞ্চকর ছিল। সমস্যাটা হলো অনেকেই সঠিক তথ্য পায়নি। ফলে, ভুল বোঝাবুঝি হয়েছে।

কাভানি বলেন, আমি এই ক্লাবে খেলাটা উপভোগ করি। আমি এটা পছন্দ করি। আমি এখানে দীর্ঘদিন থাকতে চাই। ফুটবলে আপনি জানেন না কখন কী ঘটবে। আমার লক্ষ্য হলো পিএসজির লক্ষ্য পূরণ করা, এখানে দীর্ঘদিন থাকা ও দলের জন্য বেশি কাপ জেতা।
চলতি মৌসুমের শুরু থেকেই দারুণ ফর্মে আছেন কাভানি। ১৯ গোল নিয়ে লিগ ওয়ানে গোলের তালিকায় শীর্ষে আছেন আক্রমণভাগের এই খেলোয়াড়। ৯ পয়েন্টের ব্যবধানে এগিয়ে তার দল আছে শীর্ষে। চ্যাম্পিয়নস লিগে দাপটের সঙ্গে দলের শেষ ষোলোয় উঠার পথে ৬ গোল করে অবদান রাখেন কাভানি।
এএ




