
কোনো সন্দেহ নেই এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় আর্জেন্টাইন অধিনায়ক, বার্সার প্রাণভোমরা লিওনেল মেসি। এইতো গতকালও তিনি রিয়ালের মাঠে গিয়ে নাস্তানাবুদ করেছেন রোনালদোর রিয়াল মাদ্রিদকে। কোনো খেলোয়াড় গোলের পর গোল করলে গোলমেশিন বলা যায়। আবার কোনো খেলোয়াড় যদি হ্যাটট্রিকের পর হ্যাটট্রিক করেন তবে তাকে কি বলা যেতে পারে 'হ্যাটট্রিক মেশিন'?
কিন্তু ‘হ্যাটট্রিক মেশিন’—কথাটা এখনো তেমন পরিচিত হয়ে ওঠেনি। টটেনহাম হটস্পার্স স্ট্রাইকার হ্যারি ক্যানকে কিন্তু চাইলে ‘হ্যাটট্রিক মেশিন’ বলতে পারেন। ২০১৭ সালে তার হ্যাটট্রিক একটি নয়, দুটি নয়, আটটি! অন্যদিকে এ বছরে মেসির হ্যাটট্রিক মাত্র তিনটি। ২৪ বছর বয়সী তারকা হ্যারি ক্যানের গোলের ‘হারিকেনে’ শেষ পর্যন্ত পেছনে পড়লেন বার্সার প্রাণভোমরা লিওনেল মেসি।
এল ক্লাসিকোতে ১ গোল করে ৫৪ গোল নিয়ে বছর শেষ করেছিলেন লিওনেল মেসি। ৬৩ ম্যাচে ৫৪ গোল নিয়ে তিনি ২০১৭ সালে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় শীর্ষেই ছিলেন। কিন্তু টটেনহ্যাম হটস্পারের স্ট্রাইকার হ্যারি ক্যান ক্লাব ও জাতীয় দল মিলিয়ে এ বছর ৫২ ম্যাচে গোল করেছেন ৫৬টি।
মঙ্গলবার বক্সিং ডে ম্যাচে সাউদাম্পটনের বিপক্ষে হ্যাটট্রিক করেছেন হ্যারি। আর এই হ্যাটট্রিকের সুবাদে ২০১৭ সালে তার গোল সংখ্যা দাঁড়িয়েছে ৫৬ তে। এর মধ্য দিয়ে মেসিকে পেছনে ফেলে শীর্ষে উঠে এলেন ইংলিশ ফুটবলার হ্যারি ক্যান। ৫৬ গোলের ৪৮টি করেছেন টটেনহ্যামের হয়ে। ৮টি করেছেন ইংল্যান্ডের জার্সি গায়ে।
টটেনহাম কোচ মাউরিচিও পচেত্তিনো বলছেন, হ্যারি ক্যান যেভাবে ছুটছেন তাতে বিশ্বসেরা হতে বেশি সময় নেবে না সে। গোলের জন্য তার যে ক্ষুধা, সেটিই তাকে সামনে নিয়ে যাবে।
শুধু তাই নয় এই হ্যাটট্রিকের ফলে প্রিমিয়ার লিগে ২০১৭ সালে ৩৯ গোল করার রেকর্ড গড়েছেন। ভেঙেছেন ২২ বছরের পুরনো রেকর্ড। ১৯৯৫ সালে ব্ল্যাকবার্ন রোভার্সের হয়ে অ্যালান শিয়েরা ৪২ ম্যাচে ৩৬ গোল করেছিলেন।
২০১৭ সালে ক্লাব ও দেশের হয়ে ৫৩টি করে গোল করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো, এডিনসন কাভানি ও রবার্ত লেভানডোস্কি।
এএ/এসজে




