
আফগান ক্রিকেটে শোকের ছায়া। দীর্ঘদিন ধরে অসুস্থতার সঙ্গে লড়াই শেষে পৃথিবী থেকে চিরবিদায় নিয়েছেন দেশটির অভিজ্ঞ আম্পায়ার বিসমিল্লাহ জান শিনওয়ারি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪১ বছর।
আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) এক বিবৃতিতে এই দুঃসংবাদটি নিশ্চিত করে জানিয়েছে, বিসমিল্লাহ জান আফগান ক্রিকেটের একজন নিবেদিতপ্রাণ সৈনিক ছিলেন। তাঁর মৃত্যুতে আফগানিস্তান ক্রিকেট গভীরভাবে শোকাহত।
দীর্ঘ ক্যারিয়ারে আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন শিনওয়ারি। ৩৪টি ওয়ানডে, ২৬টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। এ ছাড়া তিনি ঘরোয়া পর্যায়ে, ৩১টি প্রথম-শ্রেণির ম্যাচ, ৫১টি লিস্ট ‘এ’ ম্যাচ এবং ৯৬টি টি-টোয়েন্টি ম্যাচে আম্পায়ারিং করেছেন।
এসিবি আরও জানিয়েছে, আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাঁর পরিবার ও শুভানুধ্যায়ীদের এই কঠিন সময়ে ধৈর্য ও শক্তি দান করার জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করছি। আফগান ক্রিকেটের এই প্রিয় মুখ শিনওয়ারি তাঁর কাজ ও স্মৃতির মাধ্যমে অনন্তকাল ক্রিকেটপ্রেমীদের মনে বেঁচে থাকবেন।
আরটিভি/এসকে




