চলতি বছরে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ১৯ জুলাই ২০২৫ , ০২:০৮ পিএম


বাংলাদেশ-আফগানিস্তান
ছবি: সংগৃহীত

চলতি বছরের অক্টোবর মাসে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ খেলতে পারে বাংলাদেশ। যদিও এখনো এই সিরিজের নির্দিষ্ট দিনক্ষণ চূড়ান্ত হয়নি। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) সিরিজ আয়োজনের বিষয়ে অগ্রসর আলোচনা চালিয়ে যাচ্ছে। 

বিজ্ঞাপন

ইএসপিএন ক্রিকইনফোর তথ্য অনুযায়ী, এই সিরিজটি সেপ্টেম্বর মাসে অনুষ্ঠেয় এশিয়া কাপের পর এবং অক্টোবরে নির্ধারিত বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে মাঠে গড়াতে পারে। মূলত, এটি ২০২৪ সালের স্থগিত হওয়া সিরিজেরই অংশ, যা তখন সূচি পরিবর্তনের কারণে সম্পূর্ণভাবে আয়োজন করা সম্ভব হয়নি। সেবার শুধুমাত্র ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হয়। যেখানে আফগানিস্তান ২-১ ব্যবধানে জয়লাভ করে। 

নতুন সূচিতে টি-টোয়েন্টি সিরিজটি বাংলাদেশ দলের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ হতে পারে। কারণ, ২০২৬ সালের ফেব্রুয়ারি-মার্চে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে এটি প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে কাজ করবে।

বিজ্ঞাপন

অন্যদিকে, আফগানিস্তান দলের জন্যও এটি একটি সময়োপযোগী সিরিজ হতে পারে। অক্টোবরে জিম্বাবুয়ের বিপক্ষে তাদের একটি পূর্ণাঙ্গ সিরিজ রয়েছে। এর মাঝের ফাঁকা সময়ে বাংলাদেশের বিপক্ষে সিরিজ আয়োজন তাদের জন্যও প্রস্তুতির সুযোগ তৈরি করবে। এ ছাড়াও বিশ্বকাপের আগে আফগানদের ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ডের বিপক্ষেও তিনটি করে টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা রয়েছে।

উল্লেখ্য, সর্বশেষ দুই দল টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪-এ মুখোমুখি হয়। সেই ম্যাচে বৃষ্টি আইনে আফগানিস্তান ৮ রানে জয় পায় এবং প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নেয়। ফলে আসন্ন সিরিজটি হতে পারে প্রতিশোধ ও প্রতিদ্বন্দ্বিতার এক উত্তপ্ত মঞ্চ। 

বিজ্ঞাপন

আরও পড়ুন

এদিকে বিসিবি ও এসিবির মধ্যে আগামী বছর দুটি টেস্ট ম্যাচ আয়োজন নিয়েও আলোচনা চলছে বলে ইঙ্গিত দিয়েছে ইএসপিএন ক্রিকইনফো। সবকিছু ঠিকঠাক থাকলে এই দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর হবে বলেই মনে করছেন বিশ্লেষকরা। 

আরটিভি/এসকে/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission