
পাকিস্তানের সামরিক হামলায় তিন তরুণ ক্রিকেটারসহ মোট আটজন আফগান নাগরিক নিহত হওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ জানিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। এই ঘটনার প্রতিবাদে আফগান বোর্ড ঘোষণা করেছে, তারা পাকিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গে আসন্ন ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ থেকে নিজেদের প্রত্যাহার করে নিচ্ছে।
আফগান সরকারি সূত্রের বরাতে জানা গেছে, শুক্রবার (১৭ অক্টোবর) রাতে পাকতিকা প্রদেশের উরগুন জেলায় পাকিস্তান বিমান হামলা চালায়। এতে নিহত হন কবীর, শিবঘাতুল্লা ও হারুন নামের তিন তরুণ ক্রিকেটার। তারা একটি প্রীতি ম্যাচ শেষে প্রদেশের রাজধানী শারানা থেকে ফেরার পথে হামলার শিকার হন। এই হামলায় আরও পাঁচজন সাধারণ নাগরিক নিহত এবং সাতজন আহত হয়েছেন।
এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এসিবির বিবৃতিতে বলা হয়েছে, এই কাপুরুষোচিত হামলা কেবল ক্রীড়াঙ্গনের জন্য নয়, বরং পুরো দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি। তরুণ এই খেলোয়াড়দের স্বপ্ন ছিল একদিন দেশের হয়ে আন্তর্জাতিক মঞ্চে খেলার। সেই স্বপ্ন আজ ভেঙে চুরমার হয়ে গেল।
টি-টোয়েন্টি দলের অধিনায়ক রশিদ খানও এই হামলায় ক্ষোভ প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় লেখেন, এই হামলায় মহিলা, শিশু এবং তরুণ ক্রিকেটারদের প্রাণ হারানো গভীরভাবে বেদনাদায়ক। অসামরিক এলাকাকে লক্ষ্য করে এমন বর্বরোচিত ও অনৈতিক হামলা সম্পূর্ণভাবে মানবাধিকার লঙ্ঘনের শামিল। এর বিরুদ্ধে অবস্থান নেওয়া আমাদের নৈতিক দায়িত্ব।
রশিদ আরও জানান, দেশের স্বার্থ ও মর্যাদা যে কোনো খেলাধুলার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই কঠিন সময়ে আমি আমাদের দেশের মানুষের পাশে আছি এবং আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তকে পূর্ণ সমর্থন জানাচ্ছি।
উল্লেখ্য, গত এক সপ্তাহ ধরে পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে উত্তেজনা চলছিল। যদিও দুই দেশ ৪৮ ঘণ্টার জন্য সংঘর্ষবিরতিতে সম্মত হয়েছিল, তার মধ্যেই এই হামলার ঘটনা ঘটল।
আরটিভি/এসকে




