সাকিবের জাতীয় দলে ফেরার বিষয়ে যা বলল বিসিবি

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

শনিবার, ১২ জুলাই ২০২৫ , ০৮:৪১ পিএম


সাকিব আল হাসান
ছবি: সংগৃহীত

গ্লোবাল সুপার লিগে (জিএসএল) দারুণ অলরাউন্ড পারফরম্যান্স দেখিয়ে ফের আলোচনায় এসেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। জাতীয় দলে তার ফেরার গুঞ্জনও জোরাল হচ্ছে। এবার সেই গুঞ্জনকে আরও উসকে দিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ইফতেখার রহমান মিঠু। 

বিজ্ঞাপন

শনিবার (১২ জুলাই) মিরপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, বাংলাদেশের গ্রেটেস্ট ক্রিকেটার হচ্ছেন সাকিব আল হাসান। এখানে কোনো সেকেন্ড চয়েস নেই। তার জন্য দরজা সবসময় খোলা। এটা নির্বাচক ও টিম ম্যানেজমেন্টের ওপর, তারা চিন্তা করছে।

জিএসএলে দুবাই ক্যাপিটালসের হয়ে নিজের অভিষেক ম্যাচে ব্যাট হাতে ৩৭ বলে ৫৮ রান করার পাশাপাশি বল হাতে মাত্র ১৩ রানে ৪ উইকেট শিকার করে ম্যাচসেরার পুরস্কার জেতেন সাকিব। তবে দ্বিতীয় ম্যাচে হোবার্ট হ্যারিকেন্সের বিপক্ষে ব্যাটে-বলে একেবারেই ফ্লপ ছিলেন তিনি। ১০ বল খেলে করেন মাত্র ৭ রান আর বোলিংয়ে ৪ ওভারে ৩৪ রান দিয়ে থাকেন উইকেটশূন্য।

বিজ্ঞাপন

তবুও ৩৮ বছর বয়সী সাকিবকে নিয়ে আশাবাদী বিসিবি পরিচালক বলেন, আগে কীভাবে চলেছে জানি না, কিন্তু এখন বর্তমান সভাপতি পুরো দায়িত্ব দিয়েছেন ক্রিকেট অপারেশন্স, টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকদের ওপর। তাদেরও নজরে এসেছে সাকিব। নিশ্চয়ই তারা ব্যাপারটি দেখবে।

তবে শুধু মাঠের পারফরম্যান্সই নয়, মাঠের বাইরেও বিতর্কে আছেন সাকিব। তার বিরুদ্ধে দেশে হত্যা মামলা ও আর্থিক কেলেঙ্কারির একাধিক অভিযোগ রয়েছে। এছাড়া সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতায় তার নিরবতা ও পরে সামাজিক মাধ্যমে প্রকাশিত ‘ক্ষমা চাওয়ার খোলা চিঠি’ নিয়েও হয়েছে তুমুল সমালোচনা।

বিজ্ঞাপন

আরও পড়ুন

এই অবস্থায় মাঠের পারফরম্যান্সই কি আবার তাকে জাতীয় দলে ফিরিয়ে আনবে, নাকি মাঠের বাইরের বিতর্কগুলো বাধা হয়ে দাঁড়াবে তা সময়ই বলে দেবে।  

আরটিভি/এসকে-টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission