নানা নাটকীয়তার পর পর্দা নেমেছে ক্লাব বিশ্বকাপের এবারের আসরের। উড়তে থাকা পিএসজিকে মাটিতে নামিয়ে ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতেছে চেলসি। আর ফাইনালের মঞ্চে ইংলিশ ক্লাবটির হাতে ট্রফি তুলে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এ সময় ট্রাম্পকে জিজ্ঞেস করা হয়েছিল, তার কাছে সর্বকালের সেরা ফুটবলার কে? অনেকেই ভেবেছিল তিনি হয়তো মেসি অথবা রোনালদোর মধ্যে একজনকে বেছে নিবেন। কিন্তু ট্রাম্পের পছন্দ ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলেকে?
ট্রাম্প বলেন, অনেক বছর আগে, যখন আমি যুবক ছিলাম। তারা পেলে নামের একজন খেলোয়াড়কে খেলার জন্য নিয়ে এসেছিল। সে (পেলে) কসমস নামক একটি দলের হয়ে খেলেছিলেন। এটা অনেক আগের কথা এবং আমি তখন তরুণ ছিলাম। তাই পেলেকে দেখতে এসেছিলাম এবং সে অসাধারণ ছিল।
এর আগে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ৮২ হাজারের বেশি দর্শকের সামনে ফর্মের তুঙ্গে থাকা পিএসজিকে ৩-০ গোলে হারিয়ে ফিফা ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতেছে চেলসি।
আগামী বছর বিশ্বকাপের আসরও বসবে এই যুক্তরাষ্ট্রে। যেখানে মেক্সিকো ও কানাডাও যৌথভাবে আয়োজক। এর মধ্য দিয়ে ৩২ বছর পর উত্তর আমেরিকায় এই বৈশ্বিক টুর্নামেন্ট আয়োজিত হতে চলেছে।
আরটিভি/এসআর




