অবসরের সিদ্ধান্ত বদলে আবারো খেলায় ফিরলেন ব্রাজিলের মার্তা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ১৯ জুলাই ২০২৫ , ০১:৫৫ পিএম


মার্তা ভিয়েরা দ্য সিলভা
ছবি: সংগৃহীত

নারী ফুটবলের জীবন্ত কিংবদন্তি মার্তা ভিয়েরা দ্য সিলভা অবসর ভেঙে আন্তর্জাতিক মঞ্চে আবারো ফিরেছেন। প্যারিস অলিম্পিকে যুক্তরাষ্ট্রের কাছে পরাজয়ের পর জাতীয় দল থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেও, চলমান নারী কোপা আমেরিকায় আবারও ব্রাজিলের জার্সিতে দেখা যাচ্ছে এই মহাতারকাকে। বয়স ৩৯ ছুঁলেও মার্তার চোখে এখনো শিরোপার স্বপ্ন।  

বিজ্ঞাপন

এক সময় মনে হয়েছিল, আর কোনো আনুষ্ঠানিক প্রতিযোগিতায় মার্তাকে দেখা যাবে না। কিন্তু কোচ আর্থুর ইলিয়াস গত মে মাসে দুটি প্রীতি ম্যাচের দলে তাকে অন্তর্ভুক্ত করলে শুরু হয় নতুন অধ্যায়। তারই ধারাবাহিকতায় বর্তমানে ইকুয়েডরে অনুষ্ঠিত নারী কোপা আমেরিকায় ব্রাজিল দলে রয়েছেন মার্তা।  

মাঠে ফেরা নিয়ে আবেগঘন মন্তব্য করেছেন মার্তা। তিনি বলেন, আমার কাজ বদলায়নি, অনুভূতিও একই আছে। আগের মতোই গর্ব নিয়ে খেলছি। আমি খেলি বা না খেলি, ব্রাজিলকে সাহায্য করার ইচ্ছা কখনোই শেষ হবে না।

বিজ্ঞাপন

তবে সময় ফুরিয়ে আসছে—এ কথাও মনে করিয়ে দিয়েছেন মার্তা। জানিয়েছেন, প্রতিদিনের কাজেই চ্যালেঞ্জ অনুভব করছেন তিনি। জানি খুব বেশি সময় নেই খেলার জন্য। যতটা সময় আছে, সেটাকে সেরা করে তুলতে চাই, যোগ করেন তিনি।

২০ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে মার্তা ব্রাজিলের হয়ে এখন পর্যন্ত ২০৪টি ম্যাচ খেলেছেন এবং গোল করেছেন ১১৯টি। ২০২৩ সালের প্যারিস অলিম্পিকে যুক্তরাষ্ট্রের কাছে হেরে রৌপ্য জিতেছিল মার্তার নেতৃত্বাধীন ব্রাজিল দল। এরপর বড় টুর্নামেন্টে আর দেখা যাবে কি না এ নিয়ে ছিল অনিশ্চয়তা। তবে ক্লাব ফুটবলে তিনি থেমে থাকেননি। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল উইমেন্স সকার লিগের ক্লাব ওরল্যান্ডো প্রাইডে খেলা চালিয়ে যান এবং টাইটেল জেতেন। ক্লাবটির সঙ্গে তার চুক্তি রয়েছে ২০২৬ সাল পর্যন্ত।

বিজ্ঞাপন

ব্রাজিলের হয়ে ৬টি করে বিশ্বকাপ ও অলিম্পিক খেলেছেন মার্তা। যদিও এখনো বড় কোনো শিরোপার দেখা পাননি। ২০০৭ সালে বিশ্বকাপে রানার্সআপ হয়েছিল ব্রাজিল। তিনবার অলিম্পিক ফাইনাল খেললেও প্রতিবারই রৌপ্য পদকে সন্তুষ্ট থাকতে হয়েছে।

বর্তমানে ইকুয়েডরে চলছে নারী কোপা আমেরিকার দশম আসর। এই টুর্নামেন্টে সবচেয়ে সফল দল ব্রাজিল এবারও দুর্দান্ত শুরু করেছে। প্রথম ম্যাচে ভেনেজুয়েলাকে ২-০ এবং দ্বিতীয় ম্যাচে বলিভিয়াকে ৬-০ গোলে হারিয়ে গ্রুপ ‘বি’ এর শীর্ষে অবস্থান করছে তারা। 

বিজ্ঞাপন

২০২৭ সালে ব্রাজিলে বসবে নারী বিশ্বকাপের আসর। তখন মার্তার বয়স হবে ৪১ বছর। যদিও সেই টুর্নামেন্টে খেলার সম্ভাবনা নাকচ করেননি তিনি। মার্তা বলেন, কোচ সবসময় সেরা সিদ্ধান্ত নেন, বয়স দেখে নয়। এখনই বলা সম্ভব নয়, আমি খেলব কি না। সবকিছু নির্ভর করবে তখনকার অনুভূতি ও অভিজ্ঞতার ওপর। তাই আপাতত বর্তমানেই থাকতে চাই।

আরও পড়ুন

ফুটবল দুনিয়ায় মার্তার ফিরে আসা কেবল ব্রাজিলের জন্যই নয়, বিশ্ব নারী ফুটবলের জন্যও এক বড় প্রাপ্তি। কিংবদন্তির হাতে আরেকটি শিরোপা দেখার স্বপ্ন এখন জেগে উঠেছে ভক্তদের মনে। 

আরটিভি/এসকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission