
ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসে’ (ডব্লিউসিএল) ভারত-পাকিস্তান লেজেন্ডসদের মধ্যকার বহুল প্রতীক্ষিত ম্যাচ বাতিল হয়ে যাওয়ায় প্রকাশ্যে ক্ষোভ ঝাড়লেন পাকিস্তানের কিংবদন্তি অলরাউন্ডার শহীদ আফ্রিদি।
রাজনৈতিক বৈরিতার জের ধরে ভারতীয় দলের কয়েকজন সাবেক ক্রিকেটারের আপত্তিতে ম্যাচটি বাতিল করে আয়োজক কমিটি। এই ঘটনায় বিস্মিত এবং ক্ষুব্ধ আফ্রিদি মনে করেন, খেলাধুলার মঞ্চে রাজনীতিকে টেনে আনা কখনই গ্রহণযোগ্য নয়।
গত রোববার (২০ জুলাই) ইংল্যান্ডের বার্মিংহামের এজবাস্টনে ম্যাচটি হওয়ার কথা ছিল। সব প্রস্তুতি সম্পন্ন হলেও ম্যাচের আগের দিন ভারতীয় দলের পক্ষ থেকে অংশ না নেওয়ার ঘোষণা আসে। মূলত শহীদ আফ্রিদির সঙ্গে সাবেক ভারতীয় ওপেনার শেখর ধাওয়ানের সামাজিক যোগাযোগ মাধ্যমে পূর্বের বাদানুবাদের জের ধরেই ম্যাচ বয়কটের ডাক দেন ধাওয়ান। এরপর একে একে হরভজন সিং, ইরফান পাঠান, সুরেশ রায়না এবং ইউসুফ পাঠানও তাতে সমর্থন দেন।
এ ঘটনায় আফ্রিদি বলেন, আমরা এখানে এসেছি ক্রিকেট খেলতে, বন্ধুত্বপূর্ণভাবে সময় কাটাতে। আমি সবসময় বলি— ক্রিকেটকে রাজনীতি থেকে দূরে রাখা উচিত। একজন খেলোয়াড় দেশের প্রতিনিধি। তিনি এমন কিছু করবেন না, যা দেশের জন্য বিব্রতকর হয়। কিন্তু মাঝে মাঝে একজন বাজে লোক এসে সবকিছু নষ্ট করে দেয়।
ধাওয়ানকে ইঙ্গিত করে আফ্রিদি বলেন, ভারতীয় দল ম্যাচের আগের দিন পর্যন্ত অনুশীলন করেছে, কিন্তু শেষ মুহূর্তে তারা সরে দাঁড়ায়।
“যদি খেলতেই না চায়, তাহলে আগে থেকেই না বললেই হতো। মাঠে এসে, অনুশীলন করে হঠাৎ একদিনে সবকিছু বদলে ফেলা কোনো দায়িত্বশীল আচরণ নয়,”— বলেন আফ্রিদি।
খেলাধুলাকে যোগাযোগ ও বন্ধুত্ব তৈরির অন্যতম সেতুবন্ধন হিসেবে দেখেন সাবেক এই অলরাউন্ডার। তিনি বলেন, খেলাধুলা হলো বন্ধুত্ব গড়ার উপায়। রাজনৈতিক মতভেদ থাকতেই পারে, কিন্তু খেলাধুলাকে যদি সেই রাজনীতির হাতিয়ার বানানো হয়, তাহলে সম্পর্ক কখনই এগোবে না। আলোচনা ছাড়া সমস্যার সমাধান হয় না।
লেজেন্ডস চ্যাম্পিয়নশিপ শুরু হয়েছে ১৮ জুলাই, যেখানে ভারতীয় দলের নেতৃত্বে রয়েছেন যুবরাজ সিং এবং পাকিস্তান দলকে নেতৃত্ব দিচ্ছেন মোহাম্মদ হাফিজ। টুর্নামেন্টটি মূলত সাবেক ক্রিকেটারদের অংশগ্রহণে বন্ধুত্বপূর্ণ প্রতিযোগিতা হলেও ভারত-পাকিস্তান ম্যাচ বাতিলে বিতর্ক আরও ঘনীভূত হয়েছে।
শেষে আফ্রিদি বলেন, ক্রিকেট শহীদ আফ্রিদির থেকেও বড়। কেউ না খেলতে চাইলে, বসে থাকুক। কিন্তু ক্রিকেট যেন না থামে।”
আরটিভি/এসকে




