
ম্যানচেস্টার টেস্টে নামার আগে থেকেই ঋষভ পান্তের চোট নিয়ে সংশয় ছিল। মাঠে নামলেও আবারও চোট পেলেন ভারতীয় উইকেটকিপার-ব্যাটার। এবারের চোট বেশ গুরুতর। ইংল্যান্ডের পেসার ক্রিস ওকসের একটি ইয়র্কার বল পান্তের ডান পায়ের গোড়ালির ঠিক নিচে আঘাত করে। সঙ্গে সঙ্গে যন্ত্রণায় ছটফট করতে থাকেন তিনি। স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যেতে হয় তাকে।
চিকিৎসকদের প্রাথমিক ধারণা অনুযায়ী, পান্তের ‘মেটাটারসাল ফ্র্যাকচার’ হয়েছে। অর্থাৎ পায়ের পাতার হাড়ে চিড় ধরেছে বা ভেঙে গেছে। এই ধরনের চোট অস্ত্রোপচার ছাড়াও সেরে উঠতে পারে, তবে তা নির্ভর করছে চোটের গভীরতার ওপর। গুরুতর হলে সার্জারির প্রয়োজন হতে পারে, যা হলে গোটা সিরিজ থেকেই ছিটকে যেতে পারেন পান্ত।
রবি শাস্ত্রী বলেন, ওর যন্ত্রণাক্লিষ্ট মুখটা দেখে খুব খারাপ লাগছিল। এমনিতেই একটা চোট পুরোপুরি সারেনি। তার ওপর আবার চোট পেল। সকালে পা আরও ফুলে যেতে পারে। আশা করি হাড় না ভাঙে।
প্রাক্তন অস্ট্রেলিয়ান অধিনায়ক রিকি পন্টিংও এই চোটকে উদ্বেগজনক বলেই মনে করছেন। মাটিতে পা ফেলতেই পারছিল না পান্ত। ৬-৮ মিনিট মাটিতে গড়াগড়ি খেয়েছে। আমার নিজেরও মেটাটারসালে চোট লেগেছিল। এই হাড় ভাঙলে সমস্যা বাড়ে।
ডাক্তারি পরিভাষায় এই চোটকে বলা হয় “মেটাটারসাল ফ্র্যাকচার”। এটি পায়ের পাতার পাঁচটি দীর্ঘ হাড়ের এক বা একাধিকটির ফাটল বা ভাঙন। এই চোট সারাতে হতে পারে দীর্ঘ বিশ্রাম, বিশেষ জুতা ব্যবহার, এবং কখনো কখনো অস্ত্রোপচারও।
এর আগেও লর্ডস টেস্টে আঙুলে চোট পেয়েছিলেন পান্ত, যেখানে প্রথম ইনিংসে কিপিং করতে না পারলেও দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছিলেন। কিন্তু এবারের চোট আরও বেশি গুরুতর বলেই মনে করা হচ্ছে।
ভারতীয় দলের চিকিৎসক ও ফিজিও টিমের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক ঘোষণা না এলেও, পান্তের ম্যানচেস্টার টেস্ট তো বটেই, চলতি সিরিজের বাকি অংশেও খেলা নিয়ে তৈরি হয়েছে বড় অনিশ্চয়তা।
আরটিভি/এসকে




