
এক ঐতিহাসিক দিন পার করলেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক জো রুট। টেস্ট ক্যারিয়ারে ৩৮তম সেঞ্চুরি তুলে নিয়ে নতুন উচ্চতায় পৌঁছেছেন এই ডানহাতি ব্যাটার। অংশুল কম্বোজের একটি বল গ্ল্যান্স করে যখন এক রান নিয়ে সেঞ্চুরি স্পর্শ করলেন, তখন সঙ্গী বেন স্টোকস মুষ্টিবদ্ধ হাত তুলে আগেভাগেই উদযাপন শুরু করেছিলেন। এমন উদযাপন দেখে মনে হচ্ছিল, যেন স্টোকস নিজেই শতরান করেছেন।
রুট বুঝতে পেরেছিলেন যে বলটি সীমানা পেরিয়ে যাচ্ছে, তাই দৌড়ে এসে সতীর্থকে জড়িয়ে ধরেন। এরপর ব্যাট ও হেলমেট উঁচিয়ে ওল্ড ট্র্যাফোর্ডের করতালির মাঝে উদযাপন করেন ৩৪ বছর বয়সী এই ব্যাটার।
এই ইনিংসের মাধ্যমে রুট টেস্টে ৩৮টি শতকের মালিক হলেন। এতদিন শ্রীলঙ্কান কিংবদন্তি কুমার সাঙ্গাকারার সঙ্গেই যৌথভাবে ছিলেন তিনি। এবার তাকে ছুঁয়ে ফেললেন। দুজনেই এখন তৃতীয় স্থানে। তাদের ওপরে আছেন রিকি পন্টিং (৪১), জ্যাক ক্যালিস (৪৫) এবং শচীন টেন্ডুলকার (৫১)। রুটকে ইতোমধ্যেই অভিনন্দন জানিয়েছেন সাঙ্গাকারা।
এই শতকের মাধ্যমে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকাতেও রেকর্ড গড়েছেন রুট। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৫৭ টেস্টে তার সংগ্রহ ১৩,৩৮৪ রান। ভারতের কিংবদন্তি শচীন টেন্ডুলকার ২০০ ম্যাচে ১৫,৯২১ রান করে শীর্ষে রয়েছেন। কিন্তু দ্বিতীয় স্থানে উঠে আসতে রুট আজ টপকে গেছেন তিন কিংবদন্তিকে—রাহুল দ্রাবিড় (১৩,২৮৮), জ্যাক ক্যালিস (১৩,২৮৯) ও রিকি পন্টিং (১৩,৩৭৮)।
পন্টিংকে ছাড়িয়ে যাওয়ার মুহূর্তে পুরো ওল্ড ট্র্যাফোর্ড দাঁড়িয়ে অভিবাদন জানায় রুটকে। আরও একটি তালিকায় শচীনের পরেই জায়গা করে নিয়েছেন রুট—৫০ বা তার বেশি রানের ইনিংসের সংখ্যায়। শচীনের যেখানে আছে ১১৯টি, রুটের তা এখন ১০৪টি। এতদিন এই তালিকায় পন্টিং ও ক্যালিসের সঙ্গে যৌথভাবে দ্বিতীয় স্থানে ছিলেন তিনি (১০৩ ইনিংস)। আজ সেই স্থানটি এককভাবে নিজের করে নিলেন।
শচীনের দেশ ভারতের বিপক্ষে আরেকটি গুরুত্বপূর্ণ রেকর্ড এখন রুটের দখলে। ভারতের বিপক্ষে টেস্টে এখন সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিক তিনি। তার সেঞ্চুরি সংখ্যা এখন ১২টি, এক নম্বর প্রতিদ্বন্দ্বী স্টিভ স্মিথের ১১টি।
রুটের এই অসাধারণ পারফরম্যান্স প্রমাণ করে দিল, সময়ের অন্যতম সেরা ব্যাটার হিসেবেই তিনি নিজের নাম লেখাচ্ছেন ইতিহাসের পাতায়।
আরটিভি/এসকে




