
চোটের দীর্ঘ যন্ত্রণা কাটিয়ে পুরোনো রূপে ফিরেছেন নেইমার। ঘরের মাঠে দুর্দান্ত নৈপুণ্যে দলের হাল ধরলেন তিনি। ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ ম্যাচে জুভেন্তুদের বিপক্ষে ৩-১ গোলে জয় পেয়েছে সান্তোস, যেখানে নেইমারের জোড়া গোল ছিল ম্যাচের বড় ব্যবধান গড়ার মূল চালিকাশক্তি।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক সান্তোস। প্রথমার্ধে পোস্টে লেগে ফিরতে থাকা বলের প্রতিক্রিয়ায় দুর্দান্ত গোল করে দলকে এগিয়ে দেন নেইমার। এরপর আর্জেন্টাইন মিডফিল্ডার আলভারো বাররেয়াল গোল করে ব্যবধান বাড়ান—রোলহেইসারের শট ফিরিয়ে দেওয়ার পর বল জালে ঠেলে দেন তিনি।
তবে ম্যাচের উত্তেজনা বাড়িয়ে দেন জুভেন্তুদের উইলকার অ্যাঞ্জেল, এক গোল শোধ করে ম্যাচে ফেরার আভাস দিয়েছিলেন। কিন্তু দ্বিতীয়ার্ধে ৩৫ মিনিটে পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করে জয়ের পথ নিশ্চিত করেন নেইমার। গোলরক্ষককে ঠকিয়ে নেওয়া এই গোলটি ২০২২ সালের আগস্টের পর তার প্রথম জোড়া গোল।
এই জয়ে ১৭ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার ১৫তম স্থানে উঠে এসেছে সান্তোস। অবনমন অঞ্চলের ঠিক ওপরেই থাকা দলটি এখন ভাসকো দা গামা ও ফোর্তালেজার চেয়ে তিন পয়েন্টে এগিয়ে, যদিও ভাসকোর একটি ম্যাচ হাতে রয়েছে।
নেইমারের এই ফর্ম শুধু সান্তোসের জন্য নয়, ব্রাজিল জাতীয় দলের ভবিষ্যতের জন্যও এক বড় আশার বার্তা। ঘরের ক্লাবে ফিরে তিনি এখন পর্যন্ত ১৭ ম্যাচে করেছেন ৬ গোল ও ৩টি অ্যাসিস্ট।
আরটিভি/এসকে -টি




