
নারী ফুটবলে অনন্য এক ইতিহাস গড়েছে বাংলাদেশ। প্রথমবারের মতো এএফসি নারী এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে জায়গা করে নেওয়ার সুবাদে এবার ফিফা র্যাঙ্কিংয়েও দেখা দিয়েছে যুগান্তকারী পরিবর্তন। ফিফা প্রকাশিত সর্বশেষ র্যাঙ্কিংয়ে বাংলাদেশের নারী দল উঠে এসেছে ১০৪তম অবস্থানে—যা এ পর্যন্ত লাল-সবুজের ইতিহাসে সর্বোচ্চ র্যাঙ্কিং।
বৃহস্পতিবার (৭ জুলাই) ফিফা নারী র্যাঙ্কিং প্রকাশ করে, যেখানে বাংলাদেশ এক লাফে ২৪ ধাপ এগিয়ে গেছে—এবারের র্যাঙ্কিংয়ে বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি উন্নতি করা দল। শুধু ধাপের বিচারে নয়, পয়েন্টেও নজরকাড়া অগ্রগতি দেখা গেছে। বাংলাদেশ পেয়েছে অতীতের রেকর্ড ভেঙে সর্বোচ্চ ৮০.৫১ রেটিং পয়েন্ট। এই অসাধারণ সাফল্যের জন্য ফিফা তাদের বিশেষ বিজ্ঞপ্তিতে বাংলাদেশের নাম আলাদাভাবে উল্লেখ করেছে।
এশিয়ান কাপ বাছাই পর্বে বাংলাদেশের পারফরম্যান্স ছিল দুর্দান্ত। বাছাইয়ের প্রস্তুতির অংশ হিসেবে র্যাঙ্কিংয়ে ৩০ থেকে ৫০ ধাপ এগিয়ে থাকা জর্ডান ও ইন্দোনেশিয়ার বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলে দুর্দান্ত লড়াই করে বাংলাদেশ। এরপর মূল বাছাই পর্বে মুখোমুখি হয় শক্তিশালী মিয়ানমার ও বাহরাইনের মতো দলের।
বিশ্ব র্যাঙ্কিংয়ে ৫৫ নম্বরে থাকা স্বাগতিক মিয়ানমারকে ২-১ গোলে হারিয়ে চমক সৃষ্টি করে বাংলাদেশ। এ ছাড়া র্যাঙ্কিংয়ে অনেক এগিয়ে থাকা বাহরাইনের বিপক্ষেও ছিল দুর্দান্ত লড়াই। বাছাই পর্বের চার ম্যাচে দুই জয় ও দুই ড্র—এই ধারাবাহিকতায়ই ফুটে উঠেছে র্যাঙ্কিংয়ের নজরকাড়া উন্নতি।
এশিয়ান কাপের মূল পর্বে খেলা নিশ্চিত করায় এখন বাংলাদেশের সামনে খুলে গেছে আরও বড় মঞ্চে পা রাখার সুযোগ। ২০২৭ নারী ফুটবল বিশ্বকাপে খেলার সম্ভাবনা জাগিয়েছে ঋতুপর্ণা-আফিদাদের দল। ধারাবাহিক উন্নতি ও বড় দলের বিপক্ষে পয়েন্ট ছিনিয়ে আনার মানসিকতা এখন বাংলাদেশকে নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে।
এদিকে নারী ফুটবলে শীর্ষ ১০ র্যাঙ্কিংয়েও এসেছে বড় রদবদল। ইউরোতে রানার্সআপ হওয়া স্পেন এক ধাপ এগিয়ে উঠে এসেছে বিশ্বের এক নম্বরে, ফলে যুক্তরাষ্ট্র নেমে গেছে দ্বিতীয় স্থানে। এছাড়া ৩ থেকে ১০ নম্বরে পরিবর্তন হয়েছে অনেকটাই:
সুইডেন (৩ ধাপ উন্নতি) – ৩য়
ইংল্যান্ড (১ ধাপ উন্নতি) – ৪র্থ
জার্মানি (২ ধাপ অবনতি) – ৫ম
ফ্রান্স (৪ ধাপ উন্নতি) – ৬ষ্ঠ
ব্রাজিল (৩ ধাপ অবনতি) – ৭ম
জাপান (১ ধাপ অবনতি) – ৮ম
কানাডা (১ ধাপ অবনতি) – ৯ম
দক্ষিণ কোরিয়া (১ ধাপ অবনতি) – ১০ম
বাংলাদেশ নারী দলের এই ঐতিহাসিক অগ্রগতি শুধু ফুটবল মাঠেই নয়। দেশের ক্রীড়াঙ্গনের সামগ্রিক অগ্রযাত্রারও প্রতীক হয়ে উঠেছে। এখন শুধু অপেক্ষা আরও উচ্চতা স্পর্শ করার।
আরটিভি/এসকে




