
ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়া এখন ১-১ সমতায় রয়েছে। তবে সিরিজ নির্ধারণী ম্যাচের আগেই দুঃসংবাদ পেয়েছে স্বাগতিক দল। ইনজুরির কারণে দল থেকে ছিটকে গেছেন তিন তারকা। তারা হলেন, অলরাউন্ডার মিচেল ওয়েন, পেসার ল্যান্স মরিস এবং অলরাউন্ডার ম্যাথু শর্ট।
কাগিসো রাবাদার বাউন্সারে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ওয়েন মাথায় আঘাত পান। মাঠে প্রাথমিক পরীক্ষা শেষে খেলা চালালেও পরে কনকাশনের লক্ষণ দেখা দেয়। যার ফলে অন্তত ১২ দিনের জন্য মাঠের বাইরে থাকতে হবে তাকে। ফলে ওয়ানডে সিরিজেও তিনি খেলতে পারবেন না।
এ ছাড়া, ল্যান্স মরিস পিঠের পুরনো সমস্যার কারণে ওয়ানডে সিরিজের দল থেকে ছিটকে গেছেন। আর সাইড স্ট্রেন ইনজুরি থেকে এখনও সুস্থ না হওয়ায় দলে নেই ম্যাথু শর্ট। তাদের অনুপস্থিতিতে অস্ট্রেলিয়া ওয়ানডে দলে ডাক পেয়েছেন অ্যারন হার্ডি এবং ম্যাথু কুহনেম্যান। মরিস ও শর্টের বদলি হিসেবে তারা দলে সুযোগ পাবেন। ওয়েনের বদলি হিসেবে টি-টোয়েন্টিতে কাউকে নেয়া হয়নি।
আগামী শনিবার (১৬ আগস্ট) সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। এরপর ১৯ আগস্ট থেকে শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।
আরটিভি/এসকে/এস




