
আসন্ন এশিয়া কাপকে সামনে রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ইতোমধ্যে ২৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে। আগামী ২২ আগস্টের মধ্যে আইসিসির কাছে ১৫ সদস্যের চূড়ান্ত স্কোয়াড পাঠাতে হবে বিসিবিকে। চূড়ান্ত দলে তেমন কোনো চমক না থাকলেও শোনা যাচ্ছে, উইকেটকিপার-ব্যাটার নুরুল হাসান সোহান জায়গা পেতে পারেন এশিয়া কাপের মূল দলে।
ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করা এই ব্যাটার সর্বশেষ জাতীয় দলের হয়ে ২০২৩ সালের ডিসেম্বরে খেলেছেন। এরপর থেকে আন্তর্জাতিক ক্রিকেটে আর সুযোগ না পেলেও ঘরোয়া আসরে ধারাবাহিকভাবে নিজেকে প্রমাণ করে চলেছেন তিনি।
বর্তমানে অস্ট্রেলিয়ায় ‘এ’ দলের হয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন সোহান। জাতীয় দলে ফেরার স্বপ্ন নিয়েই মাঠে নামছেন তিনি। প্রসঙ্গে সোহান বলেন, বাংলাদেশ দলের হয়ে খেলাটা অনেক গর্বের ব্যাপার। ছোটবেলা থেকে যে স্বপ্ন দেখে আসছি, সেটি এখনও অক্ষুণ্ন আছে। সুযোগ পেলে অবশ্যই সেরাটা দেওয়ার চেষ্টা করব।
সোহানের ফেরার সম্ভাবনা নিয়ে বিসিবির একটি সূত্র জানায়, জাতীয় দলে যারা ভালো পারফর্ম করছে, তারাই জায়গা পাবেন। সোহানের সাম্প্রতিক পারফরম্যান্স নির্বাচকদের ইতিবাচক ভাবনায় রেখেছে।
উল্লেখ্য, এরই মধ্যে এশিয়া কাপের জন্য নিজেদের স্কোয়াড ঘোষণা করেছে ভারত ও পাকিস্তান। এশিয়া কাপের আগে নেদারল্যান্ডসের বিপক্ষে হোম সিরিজ খেলতে বাংলাদেশ দল মাঠে নামবে। এখন দেখার বিষয়, আনুষ্ঠানিকভাবে দল ঘোষণার সময় বিসিবি সোহানকে জায়গা করে দেয় কিনা।
আরটিভি/এসকে




