
ভারত-পাকিস্তানের খেলা মানেই সবার আগ্রহ থাকে তুঙ্গে। এবারের আসরেও দুই দল একই গ্রুপে থাকায় ১৪ সেপ্টেম্বর দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে মুখোমুখি হওয়ার কথা রয়েছে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের। তবে ম্যাচটি আদৌ হবে কি না তা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। ভারতের সাবেক অলরাউন্ডার কেদার যাদব সম্প্রতি দাবি করেন, ভারত-পাকিস্তান ম্যাচটি নাও হতে পারে।
এবার এ বিষয় নিয়ে মুখ খুললেন পাকিস্তানের কিংবদন্তি ফাস্ট বোলার ওয়াসিম আকরাম। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ভারত খেলুক আর না খেলুক, ক্রিকেট থেমে থাকবে না।
স্টিক উইথ ক্রিকেট পডকাস্টে আকরাম বলেন, এশিয়া কাপের সূচি প্রকাশিত হয়েছে। এ নিয়ে নানা নেতিবাচক প্রতিক্রিয়া থাকলেও আমরা পাকিস্তানে শান্ত আছি। আমরা খেলি বা না খেলি, সব ঠিকই থাকবে। খেলা চলবেই।
দীর্ঘদিন ধরে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সিরিজ বন্ধ। শুধুমাত্র আইসিসি বা এসিসির টুর্নামেন্টেই তাদের মুখোমুখি হতে দেখা যায়। তবে আকরাম এখনও আশাবাদী, একদিন হয়তো আবারও ভারত-পাকিস্তান টেস্ট সিরিজ শুরু হবে।
তিনি আরও যোগ করেন, আমি আমার জীবনে ভারত-পাকিস্তানের মধ্যে আবার একটা টেস্ট সিরিজ দেখতে চাই। রাজনীতি একদিকে থাক। আমরা খেলোয়াড়রা খেলাতেই মনোযোগ দিই। আপনার দেশের সাফল্যের কথা বলুন, একইভাবে পাকিস্তান ও ভারতের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য।
আগামী ৯ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত টি-টোয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিত হবে এবারের এশিয়া কাপের আসর। দুবাই ও আবু ধাবি মিলে ১৯ ম্যাচের টুর্নামেন্টে অংশ নেবে মোট আটটি দল।
ওয়াসিম আকরামের মতে, ভারত-পাকিস্তানের রাজনৈতিক টানাপোড়েন যাই থাকুক না কেন, ক্রিকেট সবসময় নিজের গতিতে এগিয়ে যাবে।
আরটিভি/এসকে




