অপ্রতিরোধ্য বলে মনে হওয়া এক রেকর্ড ভেঙে টেস্ট ক্রিকেট ইতিহাসে নতুন অধ্যায় রচনা করলেন অস্ট্রেলিয়ার বামহাতি পেসার মিচেল স্টার্ক। ব্রিসবেনের গ্যাবায় অ্যাশেজের ডে–নাইট টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত স্পেলে তিনি পেছনে ফেললেন পাকিস্তানের কিংবদন্তি ওয়াসিম আকরামকে।
বৃহস্পতিবার গোলাপি আলোয় মাঠ আলোকিত করে স্টার্ক তুলে নেন তাঁর ৪১৫তম টেস্ট উইকেট—যা টেস্ট ইতিহাসে কোনো বামহাতি পেসারের সর্বোচ্চ। এত দিন শীর্ষে ছিলেন ওয়াসিম আকরাম, যার উইকেট ছিল ৪১৪। আকরাম যেখানে রেকর্ড গড়েছিলেন ১০৪ টেস্টে, স্টার্ক সেখানে পৌঁছালেন আরও দ্রুত, মাত্র ১০২ ম্যাচেই। রিপোর্ট লেখা পর্যন্ত তিনি আরও তিনটি উইকেট যোগ করেছেন।
দিনের শুরুতেই ম্যাচের রং বদলে দেন স্টার্ক। নিজের প্রথম ওভারের শেষ বলেই পূর্ণ আউটসুইংয়ে বেন ডাকেটকে শূন্য রানে ফিরিয়ে দেন। পরের স্পেলেই বোল্ড করে ফেরান অলি পোপকে। দুই দ্রুত আঘাতে ম্যাচের শুরুতেই চাপে পড়ে ইংল্যান্ড।
এদিন আরও এক অনন্য রেকর্ড গড়ে স্টার্ক। গোলাপি বলে টেস্ট ক্রিকেটে তাঁর উইকেট এখন ৮৪ ডে–নাইট টেস্ট ইতিহাসে যা সর্বোচ্চ। সতীর্থ প্যাট কামিন্সের চেয়ে ৪১ উইকেট বেশি রয়েছে তাঁর ঝুলিতে। পাশাপাশি ইংল্যান্ডের বিপক্ষে ডে–নাইট টেস্টে ২০–এর বেশি উইকেট নেওয়া প্রথম বোলারও তিনি।
শেষ খবর অনুযায়ী, ইংল্যান্ডের সংগ্রহ দাঁড়িয়েছে ৬৯ ওভারে ২৭২ রান ৯ উইকেটে। ম্যাচের শুরুতেই এক স্পেলে আঘাত হেনে স্টার্ক শুধু ম্যাচের গতিপথ বদলে দেননি, ভেঙে দিয়েছেন ক্রিকেট ইতিহাসের অন্যতম সম্মানিত রেকর্ডও।
আরটিভি/এসকে




