
চ্যাম্পিয়নশিপে লেস্টার সিটি বার্মিংহাম সিটির বিরুদ্ধে ঘরের মাঠে ২-০ গোলের জয় তুলে নিলেও বাংলাদেশের তারকা হামজা দেওয়ান চৌধুরীর চোটের কারণে নেপালের বিপক্ষে আন্তর্জাতিক ম্যাচে তার উপস্থিতি অনিশ্চিত হয়ে পড়েছে।
খেলার মাত্র ৮ মিনিটে আব্দুল ফাতাউয়ের শট থেকে লেস্টার ১-০ এগিয়ে যায়। প্রথমার্ধে বার্মিংহাম চাপে থাকলেও দ্বিতীয়ার্ধে কিছু সুযোগ তৈরি করে। কিয়োগো ফুরুহাশির ভলিটি গোলবারের ওপর দিয়ে গেলে সমতায় ফেরার সুযোগ হাতছাড়া হয়। ম্যাচের শেষ দিকে ১৬ বছর বয়সী বদলি জেরেমি মঙ্গারের ক্রস থেকে রিকার্দো পেরেইরা গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। শেষ মুহূর্তে গোলরক্ষক স্টোলারচিকের সেভ লেস্টারের জয় নিশ্চিত করে।
লেস্টার এই জয়ে ৪ ম্যাচে ৩ জয় ও ১২ পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয় স্থানে অবস্থান করছে। অন্যদিকে বার্মিংহাম সমসংখ্যক ম্যাচে দুই জয়ে ৭ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে নেমেছে।
যদিও ম্যাচে ৭২ মিনিটে চোট পেয়ে মাঠ ছাড়েন হামজা, শেষ পর্যন্ত ম্যাচ শেষে হাস্যোজ্জ্বল দেখা গেছে তাকে। লেস্টারের অধিনায়ক হিসেবে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন হামজা চৌধুরী। তাই ধারণা করা হচ্ছে চোট গুরুতর নয়। তবে নেপালের বিপক্ষে আসন্ন আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য ক্লাব তার ছাড়পত্র দেবে কি না, তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
আরটিভি/এসকে




