
দীর্ঘ এক দশকেরও বেশি সময় পর নতুন কমিটি গঠন করেছে দেশের ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি ভবনে অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন জাতীয় দলের ক্রিকেটার মোহাম্মদ মিঠুন।
এবারের নির্বাচনে মোট ১১টি পদে ভোট হওয়ার কথা থাকলেও এর মধ্যে ১০টিতে প্রার্থী ছিলেন একক। ফলে ভোটের প্রয়োজন হয়নি। একমাত্র সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা হয়, যেখানে মিঠুন ১৫৪ ভোট পেয়ে বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী সাবেক ক্রিকেটার ও ম্যাচ রেফারি সেলিম শাহেদ পান ৩৪ ভোট।
এ ছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় শাহরিয়ার হোসেন বিদ্যুৎ সিনিয়র সহ-সভাপতি এবং জাতীয় দলের উইকেটকিপার ব্যাটার নুরুল হাসান সোহান সহসভাপতি নির্বাচিত হয়েছেন। কার্যকরী পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, আকবর আলি, রুমানা আহমেদ, শামসুর রহমান শুভ, ইরফান শুক্কুর, খালেদ মাসুদ পাইলট ও ইমরুল কায়েস।
নতুন দায়িত্ব পাওয়ার অনুভূতি জানাতে গিয়ে সোহান বলেন, সব সময় যেহেতু ক্রিকেটের সাথে আছি, ক্রিকেট খেলছি, সেই সাথে আমাদের ক্রিকেটারদেরও দায়িত্ব আছে যে আমাদের নিচে যারা আছে তাদের নিয়ে চিন্তা করা। আলহামদুলিল্লাহ ক্রিকেটের মাধ্যমেই আজকের সোহান আমি হতে পেরেছি।
তিনি ভবিষ্যৎ প্রজন্মের ক্রিকেটারদের উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। বিশেষ করে খুলনার মতো অঞ্চলে অনুশীলনের উপযুক্ত পরিবেশ নেই উল্লেখ করে সোহান জানান, খেলোয়াড় হিসেবে তিনি এ সমস্যার বাস্তব অভিজ্ঞতা পেয়েছেন এবং দায়িত্বশীল পদে থেকে সবার জন্য উন্নত সুযোগ-সুবিধা নিশ্চিত করতে চান।
ভোট দেওয়ার অভিজ্ঞতা সম্পর্কেও শেয়ার করেন তিনি। জীবনে এই প্রথম কোনো নির্বাচনে ভোট দিয়েছেন সোহান। জাতীয় নির্বাচনে কখনো ভোট না দিলেও কোয়াবের এই নির্বাচন তার জীবনের প্রথম ভোট। আমার জন্য জীবনের প্রথম ভোট এটা। আমি কিন্তু জাতীয় নির্বাচনেও ভোট দেইনি কখনো। এটাই প্রথম ভোট দিলাম।
নির্বাচনের সামগ্রিক পরিবেশ নিয়েও সন্তুষ্টি প্রকাশ করেন এই সহ-সভাপতি।
তিনি বলেন, দীর্ঘদিন পর সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে দেখা হয়েছে, পাশাপাশি বর্তমান খেলোয়াড়দের মাঝেও এ নির্বাচন নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। আমার মনে হয় ভালো একটা পরিবেশে নির্বাচনটা হয়েছে। অবশ্যই ধন্যবাদ যারা ব্যবস্থাপনায় কাজ করেছেন।
নতুন নেতৃত্বে ক্রিকেটারদের কল্যাণে কাজ করবে কোয়াব এমন প্রত্যাশা এখন ক্রিকেটাঙ্গনে।
আরটিভি/এসকে/এস




