নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক রস টেলর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন, তবে এবার নিউজিল্যান্ডের নয়, তার মায়ের দেশ সামোয়ার হয়ে। আগামী এশিয়া–ইস্ট এশিয়া–প্যাসিফিক টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ বাছাইপর্বে ১৫ সদস্যের দলে তাকে অন্তর্ভুক্ত করেছে সামোয়া। দলের নেতৃত্ব দেবেন ক্যালেব জাসমাত।
৪১ বছর বয়সী টেলর শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছেন, “এটা এখন আনুষ্ঠানিক। আমি গর্বের সঙ্গে জানাচ্ছি যে আমি নীল জার্সি পরে সামোয়ার হয়ে খেলতে যাচ্ছি। এটা শুধু আমার ভালোবাসার খেলায় ফেরাই নয়, বরং আমার শিকড়, সংস্কৃতি, গ্রাম ও পরিবারকে প্রতিনিধিত্ব করার বিশাল গৌরব।”
টেলর আরও জানিয়েছেন, তিনি দলে যোগ দিতে, মাঠে ও মাঠের বাইরে অভিজ্ঞতা ভাগ করতে এবং ক্রিকেটকে কিছু ফিরিয়ে দিতে ভীষণ উচ্ছ্বসিত।
নিউজিল্যান্ডের হয়ে টেলর ২০০৬ থেকে ২০২২ পর্যন্ত খেলেছেন ১১২ টেস্ট, ২৩৬ ওয়ানডে ও ১০২ টি-টোয়েন্টি। তিন ফরম্যাটে তার রান যথাক্রমে ৭,৬৮৩, ৮,৬০৭ ও ১,৯০৯। দেশটির অন্যতম সেরা ব্যাটার হিসেবে ক্যারিয়ার শেষ করেন তিনি। টি-টোয়েন্টিতে ২০২০ সালের নভেম্বরে সর্বশেষ খেলা সত্ত্বেও তিনি এখনো নিউজিল্যান্ডের পঞ্চম সর্বোচ্চ রান সংগ্রাহক।
সামোয়ার দলে টেলরই একমাত্র বড় নাম নয়। নিউজিল্যান্ডে অকল্যান্ডের হয়ে খেলা ৩২ বছর বয়সী শন সোলিয়াকেও দলে রাখা হয়েছে। এছাড়া আছেন দারিউস ভিসার, যিনি গত বছর ভানুয়াতুর নালিন নিপিকোর এক ওভারে ছয় ছক্কা হাঁকিয়ে রেকর্ড গড়েছিলেন।
আগামী মাসে শুরু হতে যাওয়া বাছাইপর্বে সামোয়ার প্রতিপক্ষ হবে ওমান, নেপাল, কুয়েত, মালয়েশিয়া, কাতার ও সংযুক্ত আরব আমিরাত। ইস্ট এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে সামোয়ার সঙ্গী হবে পাপুয়া নিউ গিনি ও জাপান।
আরটিভি/এসকে




