
দীর্ঘদিন ধরে জিম্বাবুয়ের ভরসার প্রতীক সিকান্দার রাজা আবারও প্রমাণ করলেন কেন তাকে বলা হয় ‘মিস্টার জিম্বাবুয়ে ক্রিকেট’। এবার গড়লেন অনন্য রেকর্ড। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ভারতীয় কিংবদন্তি বিরাট কোহলি ও সুর্যকুমার যাদবকে ছাড়িয়ে সর্বাধিক ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’ জয়ের মালিক হলেন তিনি।
রাজা এখন পর্যন্ত ১৭ বার ম্যাচসেরা হয়েছেন। এতদিন তিনি ১৬ বার করে ম্যাচসেরা হওয়া বিরাট কোহলি ও সুর্যকুমার যাদবের সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিলেন। তবে শুক্রবার (৬ সেপ্টেম্বর) হারারেতে শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত বোলিং করে এককভাবে সবার ওপরে উঠে গেলেন।
সেদিন শ্রীলঙ্কা ১৭.৪ ওভারে মাত্র ৮০ রানে অলআউট হয়। রাজার বোলিং ছিল অসাধারণ ৪ ওভারে মাত্র ১১ রান দিয়ে তুলে নেন ৩টি উইকেট। তার হাত ধরেই জিম্বাবুয়ে সহজ জয়ের পথে হাঁটে এবং রাজা হন ম্যাচসেরা।
আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে এখন সর্বাধিকবার ম্যাচসেরা হওয়ার কীর্তি গড়লেন এই জিম্বাবুইয়ান অলরাউন্ডার। তবে সামগ্রিক তালিকায় শীর্ষে আছেন মালয়েশিয়ার ভিরানদীপ সিং, যিনি ১০২ ম্যাচে ২২ বার ম্যাচসেরা হয়েছেন। যদিও মালয়েশিয়া আইসিসির পূর্ণ সদস্য দেশ নয়। সুতরাং, জিম্বাবুয়ের হয়ে রাজা শুধু নামেই নয়, পারফরম্যান্সেও হয়ে উঠেছেন সত্যিকারের সিংহাসনের রাজা।
টি-টোয়েন্টি ফরম্যাটে সর্বাধিক ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’ অ্যাওয়ার্ড পেয়েছেন যারা (আইসিসি পূর্ণ সদস্য দেশ)
. সিকান্দার রাজা (জিম্বাবুয়ে) - ১৭ বার
. বিরাট কোহলি (ভারত) - ১৬ বার
. সুর্যকুমার যাদব (ভারত) - ১৬ বার
. মোহাম্মদ নবী (আফগানিস্তান) - ১৪ বার
. রোহিত শর্মা (ভারত) - ১৪ বার।
আরটিভি/এসকে




