
ইয়ানিক সিনারের জয়রথ থামিয়ে দ্বিতীয়বারের মতো ইউএস ওপেনের মুকুট জিতলেন স্পেনের তরুণ তারকা কার্লোস আলকারাজ। নিউইয়র্কের আর্থার অ্যাশ স্টেডিয়ামে অনুষ্ঠিত রোমাঞ্চকর ফাইনালে চার সেটে (৬-২, ৩-৬, ৬-১, ৬-৪) হারালেন প্রতিদ্বন্দ্বী ইতালিয়ান সিনারকে।
মাত্র ২২ বছর বয়সেই আলকারাজ তুললেন ক্যারিয়ারের ষষ্ঠ গ্র্যান্ড স্লাম শিরোপা। ফ্রেঞ্চ ওপেন ও উইম্বলডন দুইবার করে জেতার পর এবার দ্বিতীয়বার ইউএস ওপেন জিতলেন তিনি। ফলে উন্মুক্ত যুগে তিন ধরনের কোর্টে একাধিক শিরোপা জেতা মাত্র চারজন খেলোয়াড়ের একজন হয়ে গেলেন আলকারাজ।
ম্যাচের শুরু থেকেই ছিলেন আধিপত্য বিস্তারকারী। প্রথম সেটে মাত্র দুটি অনিচ্ছাকৃত ভুলের বিপরীতে একের পর এক উইনার মেরে নিয়ন্ত্রণ নেন আলকারাজ। দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ালেও তৃতীয় সেটে ভেঙে পড়েন সিনার। হতাশায় র্যাকেট ছুঁড়ে ফেলেন তিনি। শেষ সেটে প্রাণপণ চেষ্টা করেও ম্যাচ ফেরাতে পারেননি ইতালিয়ান তারকা।
এই জয়ের মাধ্যমে সিনারের হার্ডকোর্টে টানা ২৭ ম্যাচের জয়ের রেকর্ডেরও ইতি ঘটালেন আলকারাজ। শেষ সাত মুখোমুখিতে ছয়টিতেই জয় এখন তার দখলে।
ফাইনাল ম্যাচ শুরুর আগে স্টেডিয়ামে মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতির কারণে প্রায় আধাঘণ্টা বিলম্ব হয়েছিল। তবে খেলা শুরুর পর আলকারাজের শৈল্পিক টেনিস দর্শকদের মুগ্ধ করে তোলে।
এই জয়ের ফলে আবারও টেনিস র্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরলেন আলকারাজ। সেপ্টেম্বর ২০২৩-এর পর এই প্রথম নাম্বার ওয়ান হলেন তিনি। অন্যদিকে, টানা ৬৫ সপ্তাহ শীর্ষে থাকার পর সিংহাসন হারালেন ইয়ানিক সিনার।
আরটিভি/এসকে




