
ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ বাছাইপর্বে দুর্দান্ত ফর্মে আছে স্পেন। কোচ দে লা ফুয়েন্তের চ্যালেঞ্জের জবাব দিতেই তুরস্ককে উড়িয়ে দিয়েছে তাদের শিষ্যরা। রোববার (৭ সেপ্টেম্বর) রাতে আতিথ্য নেওয়া দলকে ৬-০ গোলে হারিয়ে গ্রুপ ‘ই’-এর শীর্ষে উঠে গেছে লা রোহা।
ম্যাচের শুরুতে আক্রমণ শানিয়েছিল স্বাগতিক তুরস্ক। ডি-বক্সের বাইরে থেকে হাকান চাহানোগলুর শট রুখে দেন স্পেনের গোলরক্ষক উনাই সিমোন। এর পর থেকেই খেলা নিজেদের করে নেয় স্প্যানিশরা।
ষষ্ঠ মিনিটে নিকো উইলিয়ামসের পাস ধরে ডি-বক্সের বাইরে থেকে দারুণ শটে গোল করে দলকে এগিয়ে নেন তরুণ তারকা পেদ্রি। ২২তম মিনিটে ছোট ছোট পাসে তৈরি টিকি-টাকার আক্রমণ গোলে রূপ দেন মিকেল মেরিনো। প্রথমার্ধের যোগ করা সময়ে আরেকটি নিখুঁত আক্রমণ থেকে নিজের দ্বিতীয় গোলটি করে ব্যবধান ৩-০ করেন মেরিনো।
দ্বিতীয়ার্ধে আরও ভয়ঙ্কর হয়ে ওঠে স্পেন। ৫৩তম মিনিটে ইয়ামালের পাস থেকে গোল করেন ফেরান তোরেস। চার মিনিট পর দৃষ্টিনন্দন শটে হ্যাটট্রিক পূর্ণ করেন মেরিনো। ৬২তম মিনিটে ওইয়ারসাবালের পাস ধরে জোড়া গোলের দেখা পান পেদ্রি।
শেষ পর্যন্ত ৬-০ গোলের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে স্পেন। টানা দুই ম্যাচে জিতে ৬ পয়েন্ট সংগ্রহ করে ‘ই’ গ্রুপের শীর্ষে অবস্থান করছে দে লা ফুয়েন্তের দল। সমান ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে জর্জিয়া ও তৃতীয় স্থানে তুরস্ক।
আরটিভি/এসকে




