ভারতীয় ক্রিকেট তারকা হার্দিক পান্ডিয়া ফের খবরের শিরোনামে। তবে এবার ব্যাট-বলের কারণে নয়, বরং ব্যক্তিগত জীবনের জন্য। স্ত্রী নাতাশা স্ট্যানকোভিচের সঙ্গে বিচ্ছেদ এবং ব্রিটিশ গায়িকা-অভিনেত্রী জেসমিন ওয়ালিয়ার সঙ্গে সম্পর্ক ভাঙনের পর এবার শোনা যাচ্ছে, হার্দিক নাকি নতুন সম্পর্কে জড়িয়েছেন মডেল ও অভিনেত্রী মাহিকা শর্মার সঙ্গে।
গুঞ্জনের সূত্রপাত সামাজিক যোগাযোগ মাধ্যমে। মাহিকার একটি সেলফির পেছনে এক পুরুষের অস্পষ্ট ছায়া নজরে আসে, যা নিয়ে শুরু হয় জল্পনা। অন্য এক পোস্টে দেখা যায় ৩৩ নম্বর জার্সি, যা হার্দিকের জার্সি নম্বর। এরপরই অনলাইনে ছড়িয়ে পড়ে মন্তব্য নতুন টুর্নামেন্ট, নতুন গার্লফ্রেন্ড।
ভক্তদের নজরে আসে, হার্দিক ও মাহিকা একে অপরকে ইনস্টাগ্রামে ফলো করছেন এবং দুজনের পোস্টে লাইক-কমেন্টও দেখা যাচ্ছে। যদিও অনেকেই মনে করছেন, তারা হয়তো কেবল বন্ধু।
ভারতীয় সংবাদমাধ্যম নিউজ১৮ জানায়, মাহিকা শর্মা অর্থনীতি ও ফাইন্যান্সে পড়াশোনা শেষ করে মডেলিং ও অভিনয়ে নাম লেখান। তিনি তানিষ্ক, ভিভো ও ইউনিক্লোর মতো ব্র্যান্ডের সঙ্গে কাজ করেছেন এবং মণীশ মালহোত্রা, অনিতা ডোংরে, তরুণ তাহিলিয়ানির মতো খ্যাতনামা ডিজাইনারদের হয়ে র্যাম্পে হেঁটেছেন। ২০২৪ সালে ইন্ডিয়ান ফ্যাশন অ্যাওয়ার্ডসে তিনি পান ‘মডেল অব দ্য ইয়ার (নিউ এজ)’ খেতাব।
এখনও পর্যন্ত হার্দিক বা মাহিকা কেউই তাদের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কিছু জানাননি। এর আগে হার্দিক ও জেসমিন ওয়ালিয়ার সম্পর্ক নিয়ে তোলপাড় হয়। তারা একসঙ্গে গ্রিস ভ্রমণের ছবি শেয়ার করেছিলেন এবং একাধিকবার একসঙ্গে দেখা গিয়েছিল। এমনকি ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে ভারত-পাকিস্তান ম্যাচেও জেসমিনকে স্টেডিয়ামে উপস্থিত হয়ে হার্দিককে উৎসাহ দিতে দেখা যায়।
হার্দিক ও নাতাশা ২০২০ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। চলতি বছরের শুরুতে তারা আলাদা হওয়ার ঘোষণা দেন। এক যৌথ বিবৃতিতে তারা জানান, সিদ্ধান্তটি সম্পূর্ণ সৌহার্দপূর্ণ এবং তাদের ছেলে আগস্ট্য সবার আগে থাকবে। সবশেষে প্রশ্ন থেকেই যাচ্ছে এবার কি সত্যিই নতুন প্রেমে মজেছেন হার্দিক, নাকি সবই কেবল গুঞ্জন?
আরটিভি/এসকে




