
আইসিসির সহযোগী সদস্য দেশ নামিবিয়া জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের তৃতীয় ম্যাচে ঝড়ো ব্যাটিংয়ের মাধ্যমে নিজেদের সর্বোচ্চ ২০৪ রান করেছে। ম্যাচে নামিবিয়ার ওপেনার জ্যান ফ্রাইলিঙ্ক ৩১ বলে ৭৭ রান করে টি-টোয়েন্টিতে পূর্ণ সদস্য দেশের বিপক্ষে দ্রুততম ফিফটির রেকর্ড স্থাপন করেছেন।
ফ্রাইলিঙ্কের ইনিংসে ছিল ৮টি চার ও ৬টি ছক্কা। মাত্র ১৩ বলে তার ব্যক্তিগত হাফসেঞ্চুরি পূর্ণ হওয়ায় এটি জিম্বাবুয়ের বিপক্ষে সহযোগী দেশের কোনো ব্যাটারের টি-টোয়েন্টিতে দ্রুততম হাফসেঞ্চুরি হিসেবে ইতিহাসে নাম লিখিয়েছে। এছাড়া, এটি স্বীকৃত টি-টোয়েন্টিতে তৃতীয় দ্রুততম হাফসেঞ্চুরি।
ফ্রাইলিঙ্কের আগে সর্বনিম্ন ৯ বলে হাফসেঞ্চুরির বিশ্বরেকর্ড গড়েছিলেন নেপালের দীপেন্দ্র সিং আইরে, এবং ১২ বলে দ্রুততম হাফসেঞ্চুরি করেছিলেন ভারতীয় তারকা যুবরাজ সিং ২০০৭ সালে ইংল্যান্ডের বিপক্ষে। বর্তমানে ১৩ বলে হাফসেঞ্চুরি করা খেলোয়াড়দের তালিকায় ফ্রাইলিঙ্কের সঙ্গে আছেন অস্ট্রিয়ার মির্জা আহসান, তুরস্কের মোহাম্মদ ফাহাদ এবং জিম্বাবুয়ের তাদিওয়ানাশে মারুমানি।
ফ্রাইলিঙ্ক ছাড়াও রুবেন ট্রাম্পেলম্যান ২৪ বলে ৪৬ রান করেছেন। তাদের দুজনের ঝড়ো ব্যাটিংয়ের ফলে ২০ ওভারে নামিবিয়া ৭ উইকেটে ২০৪ রানের বড় স্কোর গড়েছে। এর ফলে সিরিজে নামিবিয়া ইতিমধ্যেই প্রথম দুই ম্যাচ জিতে দখল নিয়েছে।
আরটিভি/এস কে




